মহাকাশে মাস্কের ১০ লাখ স্যাটেলাইট পরিকল্পনা কতটা বাস্তব?
১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ ও পৃথিবীতে ফিরিয়ে আনার কারণে নির্গমন বর্তমান মাত্রার তুলনায় প্রায় ৭০ থেকে ১৫০ গুণ হতে পারে।
মহাকাশে কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্যকেন্দ্র চালানোর জন্য ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমোদন পেয়েছে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন এ অনুমোদন দিয়েছে। পৃথিবীকে প্রদক্ষিণ করা সক্রিয় স্যাটেলাইটের বর্তমান সংখ্যার তুলনায় প্রস্তাবিত এ বহর হবে অনেক বড়।
কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটিং ক্ষমতার চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে মহাকাশে তথ্যকেন্দ্র গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবে স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ স্যাটেলাইট নেটওয়ার্ক অনুমোদন পেয়েছে।
স্যাটেলাইটের বিশাল নেটওয়ার্ক বা ‘মেগাকনস্টেলেশন’ গড়ে তোলার ক্ষেত্রে স্পেসএক্সের স্টারলিংক পথ দেখিয়েছে। অ্যামাজনসহ বিভিন্ন প্রতিদ্বন্দ্বী কোম্পানি এবং চীনা অপারেটররাও একই ধরনের ব্যবস্থা গড়ে তোলার কাজ করছে।
তবে স্টারমাইন্ডের পরিকল্পিত বহর মহাকাশে স্যাটেলাইট পাঠানোর এ প্রবণতাকে আরও বড় পর্যায়ে নিয়ে যাবে। এতে মহাকাশের আবর্জনা, বায়ুমণ্ডল দূষণ এবং রাতের আকাশের চেহারা বদলে যাওয়ার আশঙ্কা নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে স্পেসএক্স তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
পরিবেশের ওপর কী প্রভাব পড়তে পারে?
১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠালে পরিবেশের কতটা ক্ষতি হতে পারে, তা নিয়ে বিজ্ঞানী ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। প্রতিটি স্যাটেলাইটের ডানা বা বিস্তৃত অংশের দৈর্ঘ্য ৭৫ মিটার। এগুলো মহাকাশে পাঠানোর আগে সম্ভাব্য পরিবেশগত ক্ষতির পুরো চিত্র জানা সম্ভব কি না, সেটিও প্রশ্ন।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণ ও পৃথিবীতে ফিরিয়ে আনার কারণে নির্গমন বর্তমান মাত্রার তুলনায় প্রায় ৭০ থেকে ১৫০ গুণ হতে পারে।
গবেষকদের মতে, এসব নির্গমন ওজোন স্তর, জলবায়ু এবং বায়ুর মানের ওপর প্রভাব ফেলতে পারে। ঝুঁকিগুলো পুরোপুরি মূল্যায়নের জন্য স্পেসএক্সের জমা দেওয়া প্রস্তাবে পর্যাপ্ত তথ্য নেই বলেও তারা উল্লেখ করেছেন।
আর, যুক্তরাষ্ট্রের ফেডারেল যোগাযোগ কমিশন বলেছে, এসব বিষয় তাদের নিয়ন্ত্রক এখতিয়ারের বাইরে।
“রকেট উৎক্ষেপণের নির্গমন এবং স্টারমাইন্ড ব্যবস্থার পরোক্ষ প্রভাবে মানব পরিবেশের ওপর সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ কমিশনের এখতিয়ারের বাইরে।”
পৃথিবীতে ফিরে আসার সময় স্যাটেলাইট বায়ুমণ্ডলে পুড়ে যাওয়ার প্রভাব নিয়ে উদ্বেগও যথেষ্ট প্রমাণভিত্তিক মনে করেনি সংস্থাটি।
কমিশনের ভাষ্য, “বায়ুমণ্ডলে স্যাটেলাইট পুড়ে যাওয়ার কারণে সম্ভাব্য প্রভাবসহ অন্যান্য উদ্বেগ এখনো অনুমাননির্ভর এবং নথিপত্রে তার সমর্থন পাওয়া যায়নি।”
মহাকাশের আবর্জনা কি বাড়বে?
বাড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত।
স্টারলিংক ও প্রস্তাবিত স্টারমাইন্ড স্যাটেলাইটগুলো পৃথিবীর নিম্ন কক্ষপথে কাজ করবে। এ কক্ষপথে এরইমধ্যে স্যাটেলাইট ও মহাকাশের আবর্জনার ভিড় বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, এখন থেকে মহাকাশে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে গেলেও সেখানে থাকা আবর্জনার পরিমাণ বাড়তে পারে।
ইউরোপীয় মহাকাশ সংস্থার হিসাব অনুযায়ী, ফেব্রুয়ারির ১ তারিখ পর্যন্ত কক্ষপথে ১ মিলিমিটার থেকে ১০ সেন্টিমিটার আকারের ২৩ কোটি ১০ লাখের বেশি আবর্জনার বস্তু ছিল। সংঘর্ষের ঝুঁকি কমাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আসছে সংস্থাটি।
ফেডারেল যোগাযোগ কমিশনের কাছে পরবর্তী জমা দেওয়া নথিতে স্পেসএক্স বলেছে, পরীক্ষার জন্য প্রথমে কম উচ্চতায় স্যাটেলাইট পাঠানো হবে। পরে সেগুলো আরও উঁচু কক্ষপথে নেওয়া হবে।
কোম্পানিটি বলেছে, স্যাটেলাইটের নিজস্ব পরিচালন ব্যবস্থা থাকবে। এর সাহায্যে সংঘর্ষ এড়ানোর কৌশল, নির্ধারিত অবস্থানে থাকা এবং কার্যক্রম শেষে কক্ষপথ থেকে সরিয়ে নেওয়ার কাজ করা যাবে।
স্পেসএক্স আরও বলেছে, সংঘর্ষের ঝুঁকি কমাতে স্যাটেলাইটের নকশা উন্নত করার কাজ চলবে। নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ফিরিয়ে আনার সময় সমুদ্রের ওপর দিয়ে নামানোর লক্ষ্য থাকবে। তাদের দাবি, স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এলে পুরোপুরি পুড়ে যাওয়ার মতো করে তৈরি করা হবে।
তবে স্যাটেলাইটের সংখ্যা এত বেশি হলে ঝুঁকির হিসাবও পাল্টে যায়।
বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিউ লুইস বলেছেন, স্যাটেলাইটের মাত্র এক শতাংশ অকেজো হলেও প্রতি বছর হাজার হাজার পরিত্যক্ত স্যাটেলাইট কক্ষপথে থেকে যেতে পারে। এতে সংঘর্ষের ঝুঁকি বাড়বে।
রাতের আকাশ কি বদলে যাবে?
বিজ্ঞানীদের আশঙ্কা, রাতের আকাশের চেহারা ব্যাপকভাবে বদলে যেতে পারে।
অনুমোদনের পর আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি বলেছে, প্রস্তাবিত স্যাটেলাইট নেটওয়ার্ক জ্যোতির্বিজ্ঞান গবেষণায় কয়েক দশকের সরকারি বিনিয়োগের সুফল নষ্ট করতে পারে। একই সঙ্গে মহাবিশ্ব নিয়ে গবেষণার সক্ষমতাও বাধাগ্রস্ত হতে পারে।
অধ্যাপক লুইস বলেছেন, স্টারমাইন্ডের কিছু স্যাটেলাইট এমন কক্ষপথে থাকবে, যেখানে সেগুলো সব সময় সূর্যের আলো পাবে। ফলে জ্যোতির্বিজ্ঞানীদের তোলা ছবিতে স্যাটেলাইটের আলো বাধা তৈরি করতে পারে।
ভার্জিনিয়া টেকের মহাকাশ প্রকৌশল অধ্যাপক শেন রস অনলাইনে কিছু দৃশ্যকল্প প্রকাশ করেছেন। তাতে আকাশের বড় অংশজুড়ে স্যাটেলাইটের সারি দেখা যায়। এসব স্যাটেলাইটের সংখ্যা দৃশ্যমান তারার সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে।
ফেডারেল যোগাযোগ কমিশন জ্যোতির্বিজ্ঞানীদের জন্য বাড়তি শর্ত আরোপের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটি বলেছে, জ্যোতির্বিজ্ঞান গবেষণায় দৃশ্যমান আলো সুরক্ষিত রাখা তাদের বিধিবিধানের বড় অংশ নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে স্পেসএক্সের প্রতিশ্রুতিই যথেষ্ট।
১০ লাখ স্যাটেলাইট পাঠানো কতটা বাস্তবসম্মত?
এত দ্রুত ১০ লাখ স্যাটেলাইট মহাকাশে পাঠানো বাস্তবসম্মত নয়। একসঙ্গে এতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করাও স্পেসএক্সের পক্ষে সম্ভব নয়। তাদের একটি রকেটে সর্বোচ্চ ১৪৩টি মহাকাশযান বা সরঞ্জাম পাঠানোর রেকর্ড রয়েছে।
স্যাটেলাইট পরিচালনা কোম্পানিগুলো অনেক সময় বাস্তবে যতগুলো স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা থাকে, তার চেয়ে বেশি সংখ্যার অনুমোদন চায়। এতে নকশা ও পরিকল্পনা পরিবর্তনের সুযোগ থাকে।
উদাহরণ হিসেবে, স্টারলিংক নেটওয়ার্ক চালুর আগে স্পেসএক্স ৪২ হাজার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন চেয়েছিল। বর্তমানে এ নেটওয়ার্কে মহাকাশে ১১ হাজারের কিছু বেশি স্যাটেলাইট রয়েছে।
ফেডারেল যোগাযোগ কমিশনের অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে প্রথম স্টারমাইন্ড স্যাটেলাইট মহাকাশে পাঠাতে হবে। ২০৩৮ সালের মধ্যে অর্ধেক স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করতে হবে এবং ২০৪০ সালের মধ্যে পুরো বহর পাঠানোর কাজ শেষ করতে হবে।
এখন পর্যন্ত কোনো কোম্পানি মহাকাশে ১০ লাখ বস্তু পাঠায়নি।
মহাকাশে তথ্যকেন্দ্র গড়ার স্বপ্ন
স্টারমাইন্ড নেটওয়ার্ক ইলন মাস্কের এমন একটি পরিকল্পনার অংশ, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রচুর বিদ্যুৎ খরচ হয় এমন কম্পিউটিং ব্যবস্থা মহাকাশে সরিয়ে নেওয়া হবে। সেখানে সৌরশক্তি ব্যবহার করে তথ্যকেন্দ্র পরিচালনার পরিকল্পনা রয়েছে।
তবে এ প্রযুক্তি এখনো পরীক্ষিত নয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে বিনিয়োগকারীদের কাছে দেওয়া নথিতে স্পেসএক্স নিজেই বলেছে, মহাকাশে তথ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা পরীক্ষিত নয় এবং বাণিজ্যিকভাবে লাভজনক নাও হতে পারে।
