কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, দুই এসআইসহ আহত ৩
হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে দাবি পুলিশের।
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে গোয়েন্দা পুলিশের একটি দল। এতে দুই এসআই ও এক কনস্টেবল আহত হয়েছেন।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন।
আহতরা হলেন- কুষ্টিয়া জেলা ডিবির এসআই জনি ও জিহাদ এবং কনস্টেবল ইমরান। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় মাদকসহ কয়েকজনকে আটক করে পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে সরকারি কলেজ এবং নিকটবর্তী কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট একদল ছাত্র সেখানে গিয়ে পুলিশের ওপর চড়াও হন। এক পর্যায়ে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।
এ সময় লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে যায়। তবে আটকদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান ছাত্ররা। হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা জড়িত বলে দাবি পুলিশের।
এ বিষয়ে মোবাইলে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব জাকির হোসেন সরকার বলেন, “আমিও এরকমটা প্রথমে শুনেছিলাম। ঘটনার সময় সেখানে ছাত্রদলের সাংগঠনিক প্রোগ্রাম ছিল, বিষয়টি থানা পুলিশের নলেজে ছিল। তবে বিষয়টি ডিবির জানা ছিল না বলেই ছাত্রদলের সঙ্গে একটা ভুল বুঝাবুঝির ঘটনা ঘটেছে। পরে বিষয়টি কথা বলে ঠিক হয়ে গেছে।”
ওসি জাকির হোসেন বলেন, সরকারি কাজে বাধাদানের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে নিজের ভেরিফাইড ফেইসবুকে পোস্ট দিয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা।
হামলায় বিষয়ে জানতে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব তসলিম উদ্দিন নিশাতকে মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। পরে তার নম্বরে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া মেলেনি।
