০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭

৪১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 03:33 PM

Updated : 09 Nov 2026, 03:33 PM

ঝালকাঠির নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে।

এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার পুলিশের পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলাটি করা হয় বলে জানান নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সেলিনা বেগম (৫৫), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা ও শহিদুল ইসলাম (২৮)।

এ মামলায় ৪১ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার দুপুরে নলছিটির দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

গ্রেপ্তারের পর তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানও ভাঙচুর করা হয়।

এ ঘটনায় মামলা হওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি তৌহিদুজ্জামান বলেন, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। মূল আসামিসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুরনো খবর:

ঝালকাঠিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ