২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২৫

পুলিশ জানায়, এ ঘটনায় অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 05:10 PM

Updated : 26 Oct 2026, 05:10 PM

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে রোববারই গ্রেপ্তার করা হয়েছে ১৮ জনকে।

সোমবার এ তথ্য জানান গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ।

পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় পুলিশের ওপর হামলা ও পুলিশের পিকাআপ ভ্যান ভাঙচুর করা হয়। এতে সদর থানার এসআই মো. ফুলমিয়া ও কনস্টেবল মাহাবুবুর রহমান আহত হন।

পরে আহত এসআই ফুলমিয়া বাদী হয়ে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ৪০ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, সদর থানা-পুলিশের চার সদস্যের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। একপর্যায়ে তারা খেয়াঘাট এলাকায় গাড়ি রেখে বাজারে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে এসে পুলিশ সদস্যদের মারধর ও গাড়ি ভাঙচুর করেন।

এর আগে এ মামলায় সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। রোববার আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন-

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলায় মামলা