০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল, গ্রেপ্তার ১২

ঘটনার পরই বাইকসহ তিনজকে আটক করা হয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 03:09 PM

Updated : 09 Nov 2026, 03:09 PM

ঢাকার কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করা মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোঁড়ার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার ডিএমপি এক বার্তায় বলেছে, ওই ঘটনায় থানা পুলিশ ৪ জনকে, ডিবি ৫ জনকে এবং , এসআরবি ৩ জনকে গ্রেপ্তার করেছে।

তবে গ্রেপ্তারদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি ওই বার্তায়।

গত বৃহস্পতিবার সকালে বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাব লাগোয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে ‘ছাত্রলীগের মিছিল’ থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপের অভিযোগ ওঠে।

এতে ওই গাড়ির চালক এক কনস্টেবল আহত হন, তার নাম এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’-এর চালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

বাম চোখে আঘাতপ্রাপ্ত এনামুলকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছিল, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করা হয়।

ঘটনার পরই বাইকসহ তিনজকে আটকের তথ্য দেওয়া হয়েছিল পুলিশের তরফে। এবার সবমিলিয়ে ১২ জনকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ।

পুরনো খবর:

‘ছাত্রলীগের মিছিল’ থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত