‘ছাত্রলীগের মিছিল’ থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ, কনস্টেবল আহত
বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে।
রাজধানীর কুর্মিটোলায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বের করা নিষিদ্ধ ‘ছাত্রলীগের মিছিল’ থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এতে চালক এক কনস্টেবল আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে আর্মি গলফ ক্লাব লাগোয়া কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যের নাম এনামুল। তিনি ক্যান্টনমেন্ট থানার টহল গাড়ি ‘গলফ ক্লাব ৮৩’-এর চালক।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে এর মধ্য থেকে অচেনা এক ব্যক্তি পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করেন।
বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে সামান্য আঘাত লাগে। ঘটনার পর তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
পরে চিকিৎসকের পরামর্শে তাকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। সিসিটিভি ভিডিও পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
