২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলায় মামলা

মামলায় ৪০ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Oct 2026, 07:18 PM

Updated : 25 Oct 2026, 07:18 PM

গোপালগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার বিকালে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. ফুল মিয়া বাদী হয়ে মামলাটি করেন বলে ওসি মো. আমিনুল ইসলাম জানান।

মামলায় ৪০ জনের নাম দিয়ে অজ্ঞাত আরও ৬০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার লুৎফর শেখ, জিহাদ বিশ্বাস, নাহিদ মোল্লা, স্বাক্ষর শেখ, তানভীর হোসেন, মাহাবুব রহমান ও মিরাজ তালুকদারকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন। এ সময় সদর উপজেলার রঘুনাথপুর বুড়িমার গাছতলা এলাকায় টহলরত পুলিশের একটি দল ওই মিছিলের মুখোমুখি হয়। তখন তারা মিছিলটি থামানোর চেষ্টা করলে মিছিলকারীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এতে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. ফুল মিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হন।

পুরনো খবর:

গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর