১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 09:27 PM

Updated : 15 Nov 2026, 09:27 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ ওঠেছে।

রোববার সন্ধ্যায় উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানিয়েছেন।

আহত মোসলেম আলীকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আইয়ুব আলী বলেন, সন্ধ্যায় দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে।

মামলার বরাতে পুলিশ জানায়, ১০ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল বের করে। একপর্যায়ে তারা পুলিশের একটি সরকারি গাড়ি ঘিরে ফেলে ভাঙচুর চালায় এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেদিন ১০টি রাবার বুলেট, পাঁচটি কাঁদুনে গ্যাসের শেল ও তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে ফায়ার সার্ভিস এসে গাড়ির আগুন নেভায়।

ওই ঘটনায় শুক্রবার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।

পুরনো খবর:

গোপালগঞ্জে জানমাল রক্ষায় সচেষ্ট আইনশৃঙ্খলা বাহিনী: সংবাদ সম্মেলনে পুলিশ-বিজিবি
গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদল কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন: ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা
টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা নিক্ষেপ
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল নিক্ষেপ, গ্রেপ্তার ৮