২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন প্রযুক্তি ও ফিচারে হোন্ডার হর্নেট ২.০

১৮৪.৪ সিসির ইঞ্জিনের মোটরসাইকেলটিতে রয়েছে ডুয়েল-চ্যানেল এবিএস, টিএফটি মিটার ও টাইপ-সি চার্জিং পোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 10:29 AM

Updated : 26 Nov 2026, 10:29 AM

নতুন প্রযুক্তি ও ফিচার যুক্ত করে হর্নেট ২.০ মোটরসাইকেলের নতুন সংস্করণ বাজারে এনেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

বুধবার ঢাকায় এক অনুষ্ঠানে নতুন মডেলটি বাজারে আনার ঘোষণা দেওয়া হয় বলে কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, নতুন হর্নেট ২.০-তে রয়েছে ১৮৪ দশমিক ৪ সিসির পিজিএম-এফআই ইঞ্জিন। এটি ৮ হাজার ৫০০ আরপিএমে ১৬ দশমিক ৬ পিএস শক্তি এবং ৬ হাজার আরপিএমে ১৫ দশমিক ১ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।

মোটরসাইকেলটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থায় যুক্ত করা হয়েছে হোন্ডা সিলেক্টিভ টর্ক কন্ট্রোল (এইচএসটিসি), বশের ডুয়েল-চ্যানেল এবিএস এবং অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এতে রয়েছে কালার টিএফটি মিটার। এর মাধ্যমে গিয়ারের অবস্থান, তাৎক্ষণিক মাইলেজ এবং অবশিষ্ট জ্বালানিতে সম্ভাব্য কত দূর চলা যাবে, তা জানা যাবে। পাশাপাশি রয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট।

নতুন মডেলটিতে সম্পূর্ণ এলইডি লাইটিং ব্যবস্থা, এক্স-আকৃতির এলইডি টেইল ল্যাম্প এবং ইমার্জেন্সি স্টপ সিগন্যাল (ইএসএস) যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে হোন্ডার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু মরিসাওয়া বলেন, “নতুন হর্নেট ২.০-তে স্বতন্ত্র ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও আনন্দদায়ক রাইডিং অভিজ্ঞতার সমন্বয় ঘটানো হয়েছে, যা বাংলাদেশের রাইডারদের পরিবর্তিত চাহিদা ও প্রত্যাশা পূরণে ভূমিকা রাখবে।”

নতুন হর্নেট ২.০ পাওয়া যাবে তিনটি রঙে—রেডিয়েন্ট রেড মেটালিক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক ও পার্ল ইগনিয়াস ব্ল্যাক।

মোটরসাইকেলটির দাম ২ লাখ ৮৯ হাজার টাকা। অনুমোদিত বিক্রয়কেন্দ্রগুলোতে বাইকটি মিলছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।