১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের পথ খুলল বাংলাদেশের

বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতে বড় পরিসরে মার্কিন বেসরকারি বিনিয়োগ আসার পথ সুগম হবে বলে আশা করছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের ডিএফসির অর্থায়নের পথ খুলল বাংলাদেশের

প্রতীকী ছবি। জেমিনাই

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 11:22 PM

Updated : 16 Nov 2026, 11:22 PM

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ; শ্রম অধিকার বিষয়ে উদ্বেগের কারণে এতদিন ঢাকাকে এই সুযোগ দেয়নি ওয়াশিংটন।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের প্রকল্পগুলো এখন থেকে ডিএফসি অর্থায়ন পাওয়ার যোগ্য হবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশন (ডিএফসি)।

সংস্থার এ ঘোষণার ফলে বাংলাদেশের জ্বালানি, অবকাঠামো নির্মাণ ও প্রযুক্তি খাতে বড় পরিসরে মার্কিন বেসরকারি বিনিয়োগ আসার পথ সুগম হবে বলে আশা করা হয়েছে ডিএফসির বিজ্ঞপ্তিতে। এটি দেশটির সঙ্গে কৌশলগত অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক বিনিয়োগের শাখা ডিএফসি প্রতিষ্ঠিত হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে লক্ষ্য নিয়ে এর আওতায় বেসরকারি মূলধনের ব্যবস্থা করা হয়ে থাকে।

ডিএফসি বলেছে, দক্ষিণ এশিয়ায় জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতার শক্তি হিসেবে কাজ করছে ডিএফসির বিনিয়োগ। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ‘বন্ধুত্ব জোরদার’ এবং এই অঞ্চলের ‘সার্বভৌমত্বের সুরক্ষা’ হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের নতুন যোগ্যতা অর্জনের ফলে বেসরকারি বিনিয়োগ আনার মাধ্যমে দেশটির উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে ডিএফসির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।

ডিএফএসি বলছে, সংস্থার অর্থায়নে বিস্তৃত প্রবেশাধিকার এবং ঝুঁকি কমানোর উপায়গুলো দিয়ে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি মেটানো এবং অর্থায়নের সংকুচিত হওয়ার শঙ্কায় থাকা প্রকল্পগুলো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক হবে।

“গুরুত্বপূর্ণ অবকাঠামোর নির্মাণ, কর্মসংস্থান তৈরি, জরুরি সেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসাকে শক্তিশালীর করার মধ্য দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে এসব বিনিয়োগ।”

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাককে উদ্ধৃত করে বলা হয়, “ডিএফসি অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের যোগ্য হওয়াটা আমাদের অর্থনৈতিক অংশীদারত্ব গভীরকরণ এবং স্থায়ী প্রবৃদ্ধি আনয়নকারী বেসরকারি বিনিয়োগ জোগানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

“গুরুত্বপূর্ণ অবকাঠামোকে শক্তিশালী করার প্রকল্পে সহায়তার মাধ্যমে, আমরা বাংলাদেশে অর্থনৈতিক সুযোগ খুলে দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থও এগিয়ে নিতে পারি।”

এ বিষয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্ত অর্থনীতির প্রসার এবং পারস্পরিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে বলে বিশ্বাস করে যুক্তরাষ্ট্র। আর সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে সহযোগিতা করার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার হচ্ছে পাল্টা বাণিজ্য চুক্তি (এআরটি)।

“আমাদের দুদেশের আরও সমৃদ্ধি ত্বরান্বিত করার মাধ্যমে ওই লক্ষ্যমাত্রাকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”