১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি এডিবির

সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ ছয়টি প্রকল্পে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার আশা করছে সংস্থাটি।

বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা বৃদ্ধির প্রতিশ্রুতি এডিবির

এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা মঙ্গলবার অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 09:35 PM

Updated : 18 Nov 2026, 09:35 PM

বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো খাতে অর্থায়ন বাড়াতে সহায়তা জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

এ লক্ষ্যে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা সম্প্রসারণ করছে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থাটি।

এডিবির প্রত্যাশা, এ ধরনের ছয়টি প্রকল্পের মাধ্যমে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসবে।

এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে সংস্থাটির একটি প্রতিনিধিদল ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফর করে। এ সময় সরকারের বিভিন্ন দপ্তর, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকগুলোতে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয় বলে বুধবার এডিবির ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রতিনিধিদলে আরও ছিলেন এডিবির মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কার্যালয়ের প্রধান তাকেও কোইকে এবং সংস্থাটির বেসরকারি খাত কার্যক্রম বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।

সফরকালে সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে হলে আর্থিক বাজারের গভীরতা বাড়ানো, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং এমন সংস্কার প্রয়োজন, যাতে বেসরকারি উদ্যোক্তারা বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও এগিয়ে আসতে পারেন।

তিনি বলেন, “বাংলাদেশে উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে এডিবি সরকারি ও বেসরকারি খাতে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা একত্র করে সহায়তা অব্যাহত রাখবে।”

প্রতিনিধিদলটি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনির সঙ্গে বৈঠক করে।

বৈঠকগুলোতে ব্যাংকিং, করব্যবস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, বন্ড ও পুঁজিবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন পাওয়ার সুযোগ বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পায়।

পিপিপি মনিটর চালু

সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর সঙ্গে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করে এডিবি। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের প্রতিবন্ধকতা চিহ্নিত করতে ৫০০টির বেশি সূচকের ভিত্তিতে এই মনিটর তৈরি করা হয়েছে।

এর মাধ্যমে বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বিনিয়োগের পরিবেশ ও সম্ভাবনা মূল্যায়নে সহায়তা পাওয়া যাবে।

এক হাজার মেগাওয়াটের বেশি সক্ষমতার প্রকল্প

এদিকে বাংলাদেশে সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থাসংক্রান্ত আরও পাঁচটি প্রকল্পে লেনদেনবিষয়ক পরামর্শক সেবা দিতে একটি চুক্তি করেছে এডিবি।

এর ফলে এ কর্মসূচির আওতায় প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। প্রকল্পগুলোর পরিকল্পিত সম্মিলিত উৎপাদন সক্ষমতা এক হাজার মেগাওয়াটের বেশি। এগুলো বাস্তবায়নে ১০০ কোটি ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য রয়েছে এডিবির।

বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ উদ্যোগের মহাপরিকল্পনা প্রণয়ন এবং ২০২৮-২০৩২ মেয়াদের জন্য এডিবির দেশভিত্তিক অংশীদারত্ব কৌশল তৈরিতেও সফরে ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে পাওয়া মতামত কাজে লাগানো হবে।

এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বিনিয়োগযোগ্য প্রকল্পে রূপ দিতে সরকারি ও বেসরকারি খাতে সংস্থাটির অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে।

এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তাকারী একটি বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদস্য ৬৯টি দেশ। এর মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।