মার্কিন ডিএফসির যোগ্যতা অর্জনকে স্বাগত জানাল ঢাকা
“দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বিস্তৃত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির বিনিয়োগ পাওয়ার যোগ্য হিসেবে বাংলাদেশের স্বীকৃতিকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এর মধ্য দিয়ে বিনিয়োগ এবং অর্থনৈতিক অংশীদারত্বের নতুন পথ খুলছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানিয়ে মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের প্রকল্পগুলোকে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) যোগ্য হিসেবে ঘোষণা করাকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ সরকার।
“এই উল্লেখযোগ্য অগ্রগতি যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের অব্যাহত কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন ঘটাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সুযোগ বিস্তৃত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
সোমবার এক বিবৃতিতে বাংলাদেশকে ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্য দেশ হিসাবে ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের ডিএফসি। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৯ সালে চালু হওয়ার সাত বছর পর মিলল এই স্বীকৃতি।
নিজেদের পররাষ্ট্রনীতি এবং পারস্পরিক অর্থনৈতিক উন্নয়ন আগানোর লক্ষ্য নিয়ে ডিএফসির আওতায় মূলধন জোগানোর সুযোগ তৈরি করে থাকে যুক্তরাষ্ট্র সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডিএফসি অর্থায়নের এই যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আকর্ষণ, বেসরকারি খাতে মূলধন জোগানো এবং বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নের প্রকল্প এগিয়ে নেওয়ার ক্ষেত্রে নতুন পথ উন্মোচন করবে বলে আশা করা যাচ্ছে।
এর মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাড়তি সম্পৃক্ততার সুযোগ তৈরির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা জোরদার এবং উন্নয়ন ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সহায়ক হওয়ার বিষয়েও আশা প্রকাশ করছে বাংলাদেশ সরকার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং বিনিয়োগ পরিস্থিতির উন্নয়ন, ব্যবসায় পরিবেশ ও শ্রমমান জোরদারে বর্তমান সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান আস্থার প্রতিফলনও এ যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে ঘটছে।
ডিএফসির অর্থায়নে এই প্রবেশাধিকারকে বাস্তবিক বিনিয়োগ, শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের অভিন্ন সমৃদ্ধির দিকে নিয়ে যেতে প্রতীক্ষায় থাকার কথাও বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
