ইউআইইউতে শতাধিক প্রতিষ্ঠান নিয়ে ‘ক্যারিয়ার মেলা’
এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
১০৭টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে দিনব্যাপী জাতীয় ‘ক্যারিয়ার মেলা’ অনুষ্ঠিত হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ)।
বুধবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে এ মেলা আয়োজন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানে হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘‘মেলায় ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট, তথ্যপ্রযুক্তি (আইটি), পাওয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন খাতের ১০৭টি দেশ-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এসব প্রতিষ্ঠানে পূর্ণকালীন ও খণ্ডকালীন চাকরির পাশাপাশি ইন্টার্নশিপ মিলিয়ে প্রায় ১০০০ কর্মসংস্থানের সুযোগ আছে।‘‘
দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য উন্মুক্ত এ আয়োজনে প্রায় ২০ হাজার চাকরিপ্রত্যাশী অংশ নেন। তারা সরাসরি নিয়োগকর্তাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পান বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
অনুষ্ঠানে ইউআইইউয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘‘এই ক্যারিয়ার ফেয়ার শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, যুগোপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলা এবং ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে “
উদ্বোধনীতে অন্যদের মধ্যে ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা, ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মাইনুদ্দীন হাসান রশীদ, ইউআইইউয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আখতার মাহমুদ রানা এবং ইউনাইটেড গ্রুপের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নিজামউদ্দীন হাসান রশীদ উপস্থিত ছিলেন।
