নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় রেমিট্যান্স সেবা চালু করল প্রিমিয়ার ব্যাংক
এর ফলে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রেমিট্যান্স দ্রুত ও সহজে গ্রাহকের হিসাবে জমা হবে, বলা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেটেলমেন্ট সেবা চালু করেছে দ্য প্রিমিয়ার ব্যাংক।
এর ফলে স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় বিদেশ থেকে আসা রেমিট্যান্স দ্রুত ও সহজে গ্রাহকের হিসাবে জমা হবে।
বুধবার ব্যাংকটির প্রধান কার্যালয়ে এ সেবা উদ্বোধন করা হয় বলে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ইন্টারফেস-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে যোগ্য রেমিট্যান্স একই দিনে গ্রাহকের হিসাবে জমা দেওয়ার লক্ষ্য নিয়ে এই সেবা চালু করা হয়েছে।
“এর ফলে রেমিট্যান্স প্রক্রিয়াকরণে সময় কমবে, ব্যাংকের কার্যক্রমে দক্ষতা বাড়বে এবং গ্রাহকরা আরও দ্রুত ও উন্নত সেবা পাবেন।”
উদ্বোধনীতে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার অমলেন্দু রায়, উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মির্জা আজহার আহমদ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমিন, এসইভিপি ও ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার অনির্বাণ হক, ইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ব্যাংকিং শিবলী সাদেক, ইভিপি ও সিআইটিও আবু মো. সাব্বির হাসান চৌধুরী, ইভিপি ও এডিসি বিভাগের প্রধান শেখ মোহাম্মদ ফুয়াদ এবং ইভিপি ও হেড অব সেন্ট্রাল প্রসেসিং সেন্টার-ট্রেড অপারেশন্স মো. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
