২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১ হাজার ৫০০টি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Nov 2026, 12:40 AM

Updated : 27 Nov 2026, 12:40 AM

দেশব্যাপী ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ব্র্যাক ব্যাংক।

করপোরেট সামাজিক দায়িত্বশীলতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে পরিবেশগত টেকসই উন্নয়নের প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলাবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল প্রাঙ্গণে ১ হাজার ৫০০টি চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির শুরু হয়।

“সরকারের জাতীয় বৃক্ষরোপণ অভিযানের সঙ্গে সঙ্গতি রেখে নেওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশকে জলবায়ু-সহনশীল করে তোলা এবং সবুজায়ন বৃদ্ধি করা। সারা দেশে এই ৫০ হাজার গাছ রোপণের ফলে আগামী এক দশকে প্রায় ১ হাজার মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড শোষণ হবে বলে আশা করা হচ্ছে।”

ব্র্যাক ব্যাংকের সহায়তায় কর্মসূচিটি বাস্তবায়ন করছে চন্দ্রকলি ফাউন্ডেশন এবং স্থানীয়ভাবে সহযোগিতা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’।

এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল-ফোরকান। এদিন হল এলাকায় ৮০০-এরও বেশি ফলজ, ভেষজ, ঔষধি, বনজ, সৌন্দর্যবর্ধক ও দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উদ্যোগের ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ের বিজয় ২৪ হল, শহীদ আবদুর রব হলসহ ক্যাম্পাসের অন্যান্য স্থানে পর্যায়ক্রমে মোট ১ হাজার ৫০০ চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের চট্টগ্রাম রিজিওনাল হেড মো. শহীদুল ইসলাম খান ও হাটহাজারী ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সাজ্জাদ হোসেন প্রমুখ।