ভালো কাজের আশায় ভারত গমন: সাজা খেটে ফিরলেন ৮ ব্যক্তি
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
ভালো কাজের আশায় অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে যশোরের বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরেছেন আটজন।
বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।
পরে তাদের জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি সাইফুর রহমান।
ফেরত আসারা ফরিদপুর, চট্টগ্রাম, নড়াইল, যশোর, বরগুনা পঞ্চগড় ও সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
পুলিশ ও মানবাধিকার সংগঠনের কর্মীরা জানান, ফেরত আসারা দরিদ্র পরিবারের সন্তান। ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতে যান তারা। দেশটির দমদম ও তামিলনাড়ু রাজ্যে বিভিন্ন ধরনের কাজ করার সময় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখানে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় দেশটির আদালত।
ওসি সাইফুর রহমান বলেন, বিভিন্ন মেয়াদে কারাভোগের পর ভারত থেকে ফেরত আসা আটজনকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, বেনাপোল পোর্ট থানা থেকে তাদের গ্রহণ করে রাতেই নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ফেরত আসা জাহাঙ্গীর বিশ্বাস বলেন, ২০২০ সালের জুলাইয়ে কাজের উদ্দেশে অবৈধভাবে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতের বশিরহাট যান তিনি। সেখানে তিনি এক বছর একটি কারখানায় কাজ করেন।
২০২১ সালের ২৭ অগাস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বশিরহাট পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে আদালতে তোলা হলে সাজা দিয়ে জেলে পাঠানো হয়।
ভারতের বশিরহাট জেলে ১৪ দিন, দমদম সেন্ট্রাল জেলে ১৬ দিন এবং চেন্নাই সেন্ট্রাল জেলে তাকে চার বছর আটকে রাখা হয় বলে দাবি জাহাঙ্গীরের।
