২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

চকবাজারের গুদামের আগুন ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

সেখানে খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী মজুত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 10:51 PM

Updated : 26 Nov 2026, 10:51 PM

রাজধানীর চকবাজারের ছোট কাটরায় ছয়তলা একটি ভবনে প্লাস্টিক পণ্যের গুদামে লাগা আগুন প্রায় ৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে রাত ১০ টা ২২ মিনিটে।

বৃহস্পতিবার বিকাল ৫টা ২৮ মিনিটের দিকে ভবনটির চতুর্থ তলায় আগুন লাগে।

গুদামটিতে খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী মজুত ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অসংখ্য গুদাম রয়েছে। এসব গুদামে ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি, প্লাস্টিকের খেলনা, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়।

এর আগে গত ১২ অক্টোবর একই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেদিন বিকাল ৫টার দিকে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।

ভবনটির বিভিন্ন গুদামে প্লাস্টিক ও জুয়েলারি সামগ্রী মজুত ছিল। ওই আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।