১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কেরাণীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে একজনের মৃত্যু, দগ্ধ ২

১০০ শতাংশ দগ্ধ একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 03:29 PM

Updated : 26 Oct 2026, 05:21 PM

ঢাকার কেরাণীগঞ্জে একটি খেলনা কারখানায় আগুনে সাকিব নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুজন।

সোমবার দুপুরে নারিকেলবাগ এলাকার এসএস টয় ইন্ডাস্ট্রিজে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে আনার পর ব্রিফিংয়ে আসেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান।

তিনি বলেন, দুপুর ১২টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে কেরানীগঞ্জ থেকে দুটি এবং পোস্টগোলা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ১২টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Image

কাজী নজমুজ্জামান

আটতলা ভবনটির অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে গিয়ে প্রচণ্ড ধোঁয়া ও আগুন দেখতে পান ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে আরও তিনটি ইউনিট রিজার্ভ হিসেবে আনা হয়।

শুরুতে কারখানার ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন বলে খবর আসায় বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছিল বলে জানান ওই কর্মকর্তা।

কাজী নজমুজ্জামান বলেন, কারখানার ভেতরে খেলনায় ব্যবহারের জন্য রং রাখা ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

নিহত সাকিবের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। এ ঘটনায় দগ্ধ দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

কারখানাটিতে অগ্নিনিরাপত্তাব্যবস্থার ঘাটতি ছিল কি না, জানতে চাইলে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “এখানে যে ধরনের অগ্নিনিরাপত্তাব্যবস্থা থাকা প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। শুধু ফায়ার এক্সটিংগুইশার দেখেছি, আর কিছুই দেখতে পাইনি।

“এ ছাড়া কারখানাটির প্রয়োজনীয় কাগজপত্রও ছিল না। এ বিষয়ে তদন্ত করে দেখা হবে।”

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

৪৫ বছর বয়সি মানিকের অবস্থা ‘আশঙ্কাজনক’ জানিয়ে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার পৌনে ৩টার দিকে বলেন, রোগীর শ্বাসনালিতে আঘাত রয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হচ্ছে।