চকবাজারের গুদামের আগুন নিয়ন্ত্রণে, তবু নেভাতে হিমশিম
তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে, বলেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা এনামুল হক।
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় ছয়তলা একটি পুরনো ভবনের একটি গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে আনলেও তা পুরোপুরি নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে।
ফায়ার সার্ভিস বলছে, গুদামে গাদাগাদি করে বিভিন্ন পণ্য রাখায় ভবনে একটি মাত্র সরু সিঁড়ি থাকায় আগুন নেভানোর কাজ জটিল হয়ে উঠেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটে ভবনটির চতুর্থ তলার ওই গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১-এর জোন কমান্ডার মোহাম্মদ এনামুল হক।
তিনি বলেন, গুদামটিতে বিপুল পরিমাণ প্লাস্টিক, রাবার ও বৈদ্যুতিক মাল গাদাগাদি করে রাখা হয়েছে। সেখানে কোনো ‘স্টোর রুলস’ বা মাল সংরক্ষণের নিয়ম মানা হয়নি।
“ভবনটিতে মাত্র একটি সরু সিঁড়ি থাকায় এবং পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় ভেতরে জমে থাকা ধোঁয়া ও তাপ বের হতে পারছে না।”
এনামুল হক বলেন, আগেও এ এলাকায় সচেতনতা বাড়াতে মহড়া চালানো হয়েছে। ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ দেওয়া হয়েছে। আগুন লাগলে কী করণীয়, কীভাবে খবর দিতে হবে এবং নিয়ম মেনে কীভাবে মাল সংরক্ষণ করতে হবে, সে বিষয়ে স্থানীয়দের বারবার পরামর্শ ও সতর্ক করা হয়েছে।
তার ভাষ্য, “আগুন যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে চেষ্টা করা হয়েছে। তবে গোডাউনে প্লাস্টিক, রাবার ও বিভিন্ন বৈদ্যুতিক পণ্য থাকায় স্পার্ক ও ধোঁয়ার মধ্যে কাজ করতে সমস্যা হচ্ছে।
“পর্যায়ক্রমে মালামাল ও কার্টন সরিয়ে সামনে এগিয়ে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা চলছে।”
এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ জানতে চাইলে এনামুল হক বলেন, “তদন্তের পর জানানো হবে।”
এর আগে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
ঘটনার পর ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অসংখ্য গুদাম রয়েছে। এসব গুদামে ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি, প্লাস্টিকের খেলনা, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়।
এর আগে গত ১২ অক্টোবর একই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে দিন বিকাল ৫টার দিকে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে।
ভবনটির বিভিন্ন গুদামে প্লাস্টিক ও জুয়েলারি সামগ্রী মজুত ছিল। ওই আগুনে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
