‘শত্রু আছে বলেই বন্ধু বেশি’: সাংস্কৃতিক ব্যক্তিদের স্মৃতিতে খালিদী
“ব্যক্তিত্বের দিকটা আমার কাছে যেটা মনে হলো, ব্যক্তিগত সুবিধা নেওয়ার যে প্রবণতাটা অনেক মানুষের থাকে, সেটা হয়ত তার ছিল না।”
‘তুমি এত শত্রু গজাইছো কেন’— এমন প্রশ্ন শুনে হেসে ফেলেছিলেন তৌফিক ইমরোজ খালিদী; জবাবে নাকি বলেছিলেন, ‘শত্রু আছে বলেই তো বন্ধু অনেক বেশি’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় এসে এই স্মৃতির কথা শোনান চিত্রশিল্পী মনিরুল ইসলাম।
সাংবাদিকতার জগতে তার রেখে যাওয়া শূন্যস্থান যে কখনো পূরণ হবে না, সে কথাও বললেন মনিরুল ইসলাম।
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে এ অনুষ্ঠান শুরু হয় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায়; বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে।
এক মিনিট নীরবতা পালনের পর ভেঙে সভা শুরু হয় সংগীতশিল্পী সুজিত মোস্তফার গান ‘শূন্য এ বুকে পাখি মোর আয় ফিরে আয়’ দিয়ে।
স্মরণসভায় আসেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, শিক্ষক ও নাট্যনির্দেশক কামাল উদ্দিন কবীর, কবি ইসমত শিল্পী, কবি শাহেদ কায়েস, উদীচী শিল্পী গোষ্ঠীর একাংশের সাংগঠনিক সম্পাদক আরিফ নূর ও সহ-সাধারণ সম্পাদক রহমান মফিজ।
বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা, কবি ব্রাত্য রাইসু, অভিনেতা শাহজাদা সম্রাট, কবি অর্বাক আদিত্য, নাট্যকার ও শিক্ষক রূবাইয়াৎ আহমেদ, নাট্যশিল্পী জগন্ময় পাল, কবি আলফ্রেড খোকন ও নৃত্যশিল্পী পূজা সেনগুপ্তসহ অনেকেই ছিলেন অনুষ্ঠানে।
‘কম্প্রোমাইজ করে নাই কারও সাথে’
তৌফিক ইমরোজ খালিদীকে নিয়ে অনেক স্মৃতি, খুনসুটি আর ঘনিষ্ঠতার গল্প উঠে এসেছে চিত্রশিল্পী মনিরুল ইসলামের স্মৃতিচারণায়।
তার কাজের মূল্যায়ন করে মনিরুল ইসলাম বলেন, “আমি বলব, সে বিরাট মনের সাংবাদিক, আর যে কম্প্রোমাইজ করে নাই কারও সঙ্গে। এটা একটা বিরাট লক্ষণীয়। এই লোকটা এভাবে চলে যাবে, আমাদের একটা শূন্য জায়গা, মানে ‘অলওয়েজ ভ্যাকুয়াম একটা প্লেস’ রয়ে গেল এই সাংবাদিক জগতে।”
তিনি বলেন, “সে খুবই স্মার্ট।…প্রথমে যখন চিনলাম, তখন ‘আপনি’ করে কথা বললাম। তারপর তৌফিক বলল, আপনার বয়স কত? আমি বললাম, ৮৫ বছরের কাছাকাছি। তারপর বলল, তাহলে তুমি করে ডাকেন।”
রসিকতার একটি মুহূর্ত তুলে ধরে তিনি বলেন, “একবার বললাম, তুমি এত শত্রু গজাইছো কেন? বলল, ‘শত্রু আছে বলেই বন্ধু আমার অনেক বেশি’। মানে তার সঙ্গে সবার যে বন্ধুত্ব, সেটা অনেক বেশি।”
দীর্ঘদিনের সখ্যতা ও আতিথেয়তার কথা তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, “আমার সঙ্গে তার সম্পর্ক কখনোই গাম্ভীর্যের ছিল না, রসবোধ নিয়েই কথা হতো। পহেলা বৈশাখের নিমন্ত্রণে বহুবার বাসায় গিয়েছি। আমি একবার বললাম, তৌফিক আমি যেতে পারব না। সে বলল, আমার গাড়ি পাঠায় দেই, আসেন, আসতেই হবে।”
মনিরুল ইসলামের আঁকা চার-পাঁচটি ছবি আছে তৌফিক ইমরোজ খালিদীর বাসায়। এর মধ্যে একটা ছবির ঘটনা তুলে ধরে তিনি বলেন, “একটা বড় ছবি আছে রাখা তার বাসায়। সাবজেক্টটা একটু বন্দুক, গুলি, গ্রামের লোক, মুক্তিযুদ্ধ— এইসব। ডাইনিং টেবিলের পাশে এত কাছে, আমি বললাম, তৌফিক আমি খাইতে পারি না, এই যে বন্দুক-গুলি এত তীক্ষ্ণ, মানে এত স্ট্রং ছবি, রঙটাও ছিল খুব ব্ল্যাক। তুমি ছবি বদলাও।”
পরের দিনের ঘটনা শোনাতে গিয়ে মনিরুল ইসলাম বলেন, “আবার সে ফোন করল, মনি ভাই, আপনি ঠিকই বলছেন। বহুদিন দেখতেছি ছবিটা, ছবিটা একটু অ্যাগ্রেসিভ, আমার খাবার টেবিলের সামনে।”
খাওয়া-দাওয়া নিয়ে মজার অভিজ্ঞতার কথা জানিয়ে মনিরুল ইসলাম বলেন, “আমার খাওয়ার পর আমি বলতাম, তৌফিক আমি তো ব্যাচেলর, আমারে খাওয়া দিয়া যাও। একবার বলছি, পরের আর কখনো বলতে হয় না।”
সম্পর্কের ঘনিষ্ঠতার কথা তুলে ধরে মনিরুল ইসলাম বলেন, “আমার সঙ্গে একটা ভেরি স্পেশাল রিলেশন ছিল, যেটা আমার খুব মনে পড়ে এবং আমি সেটা মিস করব। সে বলল যে, আমি থাকলে স্পেন ঘুরবে। বললাম, শিওর, অনেক জায়গা আছে, নিয়ে যাব। সেটা আর হলো না।”
‘শিল্পীদের দাবি তুলে ধরার ইচ্ছা ছিল, তার কর্মধারায় স্বপ্ন পূরণ করতে হবে’
তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় নিজের পারিবারিক স্মৃতি ও সাংবাদিকতায় তার ভূমিকার পাশাপাশি শিল্পীদের চাওয়া-পাওয়া তুলে ধরার অপূর্ণ ইচ্ছার কথা শুনিয়েছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা।
তিনি বলেন, “তৌফিক খালিদী ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও পক্ষপাতহীন সাংবাদিক, যিনি ডিজিটাল সংবাদের তাৎক্ষণিকতা ও বস্তুনিষ্ঠতার ধারণাকে আরও স্পষ্ট করেছেন।
“আমার মনে একটা খুব গোপন ইচ্ছা ছিল যে, উনার সঙ্গে আমি আলাপ করে, আমি পুরো শিল্পজগতের বিষয়গুলো তুলে ধরে উনার মাধ্যমে আমি সরকারের কাছে এবং করপোরেট সেক্টর এবং রেসপেক্টিভ সেক্টরগুলোর কাছে তুলে ধরব যে, শিল্প-সমাজের শক্ত অবস্থান, শিল্পীদের ভালোভাবে বেঁচে থাকা একটা দেশের জন্য, সংস্কৃতির জন্য, জাতির জন্য কতটা প্রয়োজন।”
স্মরণসভায় সবার অতীতচারণের বদলে ভবিষ্যতের ভাবনার কথা তুলে ধরে এই সংগীতশিল্পী বলেন, তৌফিক ইমরোজ খালিদী কর্মী বাহিনী গড়ে গেছেন, তাদের মাধ্যমেই শিল্পীদের দাবি-দাওয়া তুলে ধরা সম্ভব হবে।
নৃত্যশিল্পী মুনমুন আহমেদ বলেন, “তৌফিক ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক অনেকটা পরিবারের মতোই। উনার ছেলে রাদ আর আমার মেয়ে অপরাজিতা ছোটবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করেছে এবং খুব ভালো বন্ধু হিসেবে বড় হয়েছে। সেই সূত্রে উনাদের বাসায় আমাদের যাতায়াত ছিল। কাছ থেকে যতটুকু দেখেছি, উনি অত্যন্ত অসাধারণ একজন মানুষ ছিলেন।”
তিনি আরও বলেন, “উনার চলে যাওয়ার খবরটা প্রথম যখন পাই, বিশ্বাসই করতে পারিনি। আমি আর অপরাজিতা দুজনেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। উনি ভীষণ কর্মঠ মানুষ ছিলেন। উনার আরও অনেক কাজ করার ও পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা ছিল, কিন্তু সেই সময়টা পেলেন না।
“উনাকে নিয়ে আমাদেরও অনেক পরিকল্পনা ছিল। এত তাড়াতাড়ি উনার এভাবে চলে যাওয়া মেনে নেওয়াটা সত্যিই খুব কষ্টের।”
‘২০ বছর আগে’ অনলাইন পোর্টালের ভবিষ্যৎ দেখেছিলেন’
তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় এসে বিটিভির সাবেক উপ-মহাপরিচালক খ ম হারূন বলেন, “তৌফিক ইমরোজ খালিদীর স্মৃতিসভায় আসতে হবে— এটাই আমার জন্যে একটি বড় ধরনের কষ্টের বিষয়। কারণ উনি বয়সে কিন্তু আমার চেয়ে বেশ কম। উনাকে চিনি অনেক আগে থেকে, কিন্তু পরিচয় উনি যখন ২০০৬ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিষ্ঠা করেন এবং সেজন্যে ঘুরাঘুরি করছেন, সেই সময় উনার সাথে এ বিষয়ে অনেক আলোচনা হয়েছিল। আমরা অনেকেই একটু সন্দিহান ছিলাম যে অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশে কতটা জনপ্রিয় হবে। কিন্তু তৌফিক ইমরোজ খালিদী অনেক ভবিষ্যৎ দেখতে পারতেন এবং মিডিয়া কোন পথে এগোচ্ছে সেটা তিনি জানতে পারতেন।
“একসময় যে অনলাইন পোর্টালই আমাদের সব থেকে কাছে দ্রুত সংবাদ পরিবেশন করবে, সেটা তিনি সেই সময় বুঝেছিলেন আজ থেকে ২০ বছর আগে।”
নৃত্যশিল্পী পূজা সেনগুপ্ত বলেন, মানুষের কাজের সবচেয়ে বড় সাফল্য হলো মৃত্যুর পরও তার কাজ উদযাপিত হওয়া এবং তার রেখে যাওয়া অনুজদের লক্ষ্য অর্জনে ভূমিকা রাখা।”
আলোচনায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে পূজা বলেন, “আজ আসলে আমি আলোচনা শুনছিলাম। আমরা তো মানুষের কাজটাই বেশি দেখি, ব্যক্তি মানুষকে নিয়ে সেভাবে জানা হয় না; যেহেতু তিনি আমাদের চেয়ে বয়সে অনেক সিনিয়র।
“আমি শুনছিলাম তার ছাত্রজীবনের সময়টা, সে সময়ে তার ভূমিকা এবং ব্যক্তিত্বের যে দিকটা আমার কাছে মনে হলো— একটা ব্যক্তিগত সুবিধা নেওয়ার যে প্রবণতা অনেক মানুষের মধ্যে থাকে, সেটা হয়তো তার ছিল না।”
স্মরণসভার শেষে গান পরিবেশন করেন একদল শিল্পী। তারা পরিবেশন করেন ‘সমুখে শান্তি পারাবার’ এবং ‘আমি মারের সাগর পাড়ি দেব’।
আরও পড়ুন
‘তুমি রবে নীরবে হৃদয়ে মম’: তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভা বিকালে
বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
তৌফিক ইমরোজ খালিদী: শেষ হল পথিকৃতের পথচলা
তৌফিক ইমরোজ খালিদী: ‘এ যুগের সাংবাদিকতার এক অনন্যসাধারণ চরিত্র’
