২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিক ইমরোজ খালিদী ‘আপসকামী’ ছিলেন না': আমির খসরু

“সে একটা ভিন্ন ব্যক্তিত্বের মানুষ ছিল বিধায় তার সাংবাদিকতায় সেটার প্রতিফলন ঘটত,” বলেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 08:00 PM

Updated : 26 Nov 2026, 08:00 PM

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী সমস্যা সমাধানে আপসের সুযোগ থাকলেও সেটা গ্রহণ করতেন না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রীর ভাষায়, "তার মতো লোক চলে যাওয়া এখানে (সাংবাদিকতায়) তো স্বাভাবিকভাবেই কিছুটা শূন্যতার সৃষ্টি হবে, কারণ তার সাংবাদিকতা ছিল আলাদা। মানে এটা স্বাভাবিক, সে একটা ভিন্ন ব্যক্তিত্বের মানুষ ছিল বিধায় তার সাংবাদিকতায় সেটার প্রতিফলন ঘটত।

"তিনি ‘ভেরি ডিফারেন্ট পার্সোনালিটির’ একটা লোক। একেবারে ‘ডে টু ডে’ সাংবাদিকতার মতো নয়। তার মধ্যে অনেক কিছু কাজ করত। তার চিন্তাভাবনা, ফিলোসফি, সবকিছু, তার অনেক অনেক দিক ছিল। এবং সে কিন্তু খুব ‘কম্প্রোমাইজিং’ ছিল না।”

অর্থমন্ত্রী বলেন, "আরেকটা জিনিস হলো, যেখানে মনে করতো কম্প্রোমাইজ করলে তার প্রবলেমটা সলভ হয়ে যায়, সে কিন্তু একেবারেই ছিল না। ভেরি ফোর্থরাইট, স্ট্রেট ফরোয়ার্ড।"

বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে তৌফিক ইমরোজ খালিদীর স্মরণসভায় তিনি এভাবেই খালিদীকে স্মরণ করেন অর্থমন্ত্রী।

‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভা’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবারের এ আয়োজনে হাজির হন সরকারি অনেক কর্মকর্তা, রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাবেক সহকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। তৌফিক ইমরোজ খালিদীর বন্ধু, সহপাঠী ও স্বজনরাও এসেছিলেন স্মরণ অনুষ্ঠানে।

এ তালিকায় অন্যদের মধ্যে ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফায়েজ আহমেদ ও ইকতিয়ার চৌধুরী, ডাকসুর সাবেক জিএস ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন, মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান চৌধুরী, বিটিভির সাবেক উপমহাপরিচালক খ ম হারূন, কথাসাহিত্যিক মোজাফফর হোসেন, দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, শিক্ষক ও নাট্যনির্দেশক কামাল উদ্দিন কবীর।

খালিদী সবসময়ই সাংবাদিকতার মধ্যেই 'আবদ্ধ' থাকতেন বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। সঙ্গে বলেন, ব্যক্তিগত সম্পর্ক থাকার পরেও সেটার প্রতিফলন কখনো তিনি সংবাদে দেখেননি।

তৌফিক ইমরোজ খালিদীর বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কথা বলতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, "ওর সঙ্গে আমার রিলেশনশিপটা ওরকম ছিল যে, আমার ব্যাপারে যদি কিংবা আমার দলের ব্যাপারে, কিংবা আমার নেতার ফ্যামিলির ব্যাপারে অন্য কোনো কিছু, ওই জায়গায় তার সঙ্গে আমার ঝগড়া হতো কিন্তু। ওর আর আমার আর্গুমেন্ট কনস্ট্যান্টলি চলতে থাকত। অ্যান্ড ভেরি ওপেন, আমি তো আগেই বলেছি— এখানে কোনো রকমের, কোনো কৌশলের মাধ্যমে কোনো কথাবার্তা ছিল না।

"খোলামেলা এবং এটা সবসময় তার সাথে আমারটা ছিল। এবং আমি আমার ব্যাপারেও সে কোনো সময় তার এত সম্পর্ক থাকা সত্ত্বেও কোনো রকমের বায়াসড কোনো রিপোর্ট সে করেনি।"

তিনি বলেন, "যেটা যতটুকু বস্তুনিষ্ঠ সংবাদ হিসেবে যাওয়ার সেটাই সে করেছে। তার বাইরে কিন্তু আমাকে খুশি করার জন্য বা আমার সঙ্গে তার সম্পর্ক আছে, কোনো সময় করেনি। এবং আমি অ্যাপ্রিশিয়েট করেছি এটা। এটাই তো হওয়া উচিত ছিল।

"মানে সাংবাদিকতা আর সামাজিক বা বন্ধুত্ব একসাথে হতে পারে না। এটা তো… ইট ইজ এ প্রফেশন। এবং এই প্রফেশনের প্রতি যদি কারো অনেস্টি থাকে, ইন্টিগ্রিটি থাকে, এই প্রফেশনে যদি তার সত্যিকার অর্থে ডেডিকেশন থাকে, সেটা সেভাবেই হওয়াটা উচিত ছিল। এবং এই বিষয়গুলো খুবই বেশি ছিল তৌফিকের মধ্যে।"

অর্থমন্ত্রী বলেন, "আমি তার পরিবারের জন্য দোয়া করছি। তার ছেলে এবং পরিবারের সদস্যরা ভালো থাকুক আগামী দিনে।

"এবং বিডিনিউজ টোয়েন্টিফোর মাধ্যমে সে একটা অনলাইনে যে একটা—একটা নতুন একটা ডিরেকশন দিয়েছে অনলাইন সাংবাদিকতায়, আশা করি বিডিনিউজ টোয়েন্টিফোর সেটা অব্যাহত রাখতে পারবে।"

বাংলাদেশের ডিজিটাল সাংবাদিকতার পুরোধা তৌফিক ইমরোজ খালিদী ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান।

ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন তিনি। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।