খালিদীকে বুঝতে হলে তার কাজগুলো বুঝতে হবে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব
“তৌফিক ইমরোজ খালিদীর সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে, এমন কোনো সময় কি এই বাংলাদেশে এসেছিল,” বলেন আবু আবদুল্লাহ এম ছালেহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে, এমন সময় বাংলাদেশে এসেছিল কি না, এখন সেই প্রশ্ন তোলা যায় বলে মনে করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
প্রেস সচিব বলেন, “তৌফিক ইমরোজ খালিদী ভাই স্পষ্টবাদী ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, সত্য কথা বলতেন। কিন্তু আমরা তো এখন এই প্রশ্নটা করতেই পারি— যদি তিনি সত্য কথা বলতেন, তবে তার সেই সত্য প্রকাশে বাধা সৃষ্টি করতে পারে, এমন কোনো সময় কি আমাদের এই বাংলাদেশে এসেছিল?”
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বাইরে থাকাকালীন তিনি দেখেছেন তিন-চার দিন বিডিনিউজ বন্ধ (ডাউন) রাখা হয়েছিল, পাঠকরা পড়তে পারেননি। এমনকি পুনরায় চালু হওয়ার পরও কেন ওয়েবসাইটটি বন্ধ ছিল, সেই কারণটি পাঠকদের জানাতে পারেননি খালিদী।
বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পরিবার আয়োজিত ‘তুমি রবে নীরবে হৃদয়ে মম: তৌফিক ইমরোজ খালিদী স্মরণসভায়’ বক্তব্য দিচ্ছিলেন প্রেস সচিব।
তৌফিক ইমরোজ খালিদীর কর্মময় জীবনের স্মৃতিচারণ করে প্রেস সচিব বলেন, খালিদীর সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব বা একান্তে চলাফেরার সুযোগ না হলেও একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে মানুষ তার কাজের মাধ্যমেই জনপরিসরে বেঁচে থাকেন।
নিজেও দীর্ঘ সময় সংবাদ সংস্থা ইউএনবিতে সাংবাদিকতায় যুক্ত ছিলেন উল্লেখ করে তিনি জানান, বিডিনিউজ নতুনভাবে যাত্রা শুরুর প্রক্রিয়ার আগে তার সামান্য যুক্ত থাকার সুযোগ হয়েছিল।
তৌফিক ইমরোজ খালিদী ও তার ধারণ করা সময়কে বুঝতে হলে তার লেখা ও কাজগুলো আরও বেশি পড়তে এবং জানতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিকতা ও দলীয় আদর্শের সীমারেখা টেনে প্রেস সচিব বলেন, “সংবাদ নিয়ে সারাক্ষণ কাজ করার সুবাদে একজন সাংবাদিকের কোনো রাজনৈতিক দলের প্রতি সমর্থন বা মতাদর্শ থাকতেই পারে। এতে কোনো সমস্যা নেই। কিন্তু দলীয় বিশ্বাস বা আনুগত্য যদি কখনো সত্য প্রকাশে বাধা হয়ে দাঁড়ায়, তবে বুঝতে হবে তিনি আর সাংবাদিকতায় নেই; বরং দলীয় কর্মী বা সমর্থকে পরিণত হয়েছেন।”
বিগত এক দশকে দেশের গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন লন্ডনে ছিলেন, তখন আদালতের রায়ের দোহাই দিয়ে টানা ১০ বছর বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য প্রচার করতে দেওয়া হয়নি।
“অথচ ৫ তারিখের পর হঠাৎ করেই টেলিভিশনে তার কণ্ঠ শোনা গেল। গণমাধ্যমকর্মীরা কেন ওই ১০ বছর কথা বলতে পারেননি, পরবর্তী প্রজন্মের কাছে তার কোনো ব্যাখ্যা বা অনুশোচনা আজও দেখা যায়নি।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ও টিএসসির পুরনো দিনের স্মৃতিচারণ করে প্রেস সচিব বলেন, “একসময় ভিন্নমত ও বিরুদ্ধ মত থাকা সত্ত্বেও সাংবাদিক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আড্ডা হতো, কোনো শত্রুতা ছিল না। কিন্তু মাঝখানের সময়ে রাজনীতি ও সাংবাদিকতায় প্রতিশোধের আকাঙ্ক্ষা ও ঘৃণার সংস্কৃতি আমদানি করা হয়েছে।”
বক্তব্যের শেষে মানুষের কর্মই তার প্রকৃত পরিচয় মন্তব্য করে প্রেস সচিব বলেন, তৌফিক ইমরোজ খালিদী তার জীবনে যে ভালো কাজগুলো করে গেছেন এবং যেসব কাজ তাকে প্রভাবিত করেছে, তিনি সেগুলো অনুসরণ করার চেষ্টা করবেন।
আমৃত্যু চোখের দিকে তাকিয়ে, ক্ষমতাকে প্রশ্ন করা তৌফিক ইমরোজ খালিদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিংশ প্রতিষ্ঠাবার্ষিকী সাড়ম্বরে আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলেন। এর মাত্র ২১ দিন আগে ২ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
ব্যক্তিগত সফরে লন্ডনে অবস্থানকালে মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়েন। সেইন্ট বার্থোলমিউ'স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
এরপর ১০ অক্টোবর সকালে তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে পৌঁছায়। দুপুরে বনানীর ওল্ড ডিওএইচএস খেলার মাঠে জানাজা শেষে বিকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি সমাহিত হন।
