রঙিন পুঁতির গয়নায় সাজে আধুনিক ছন্দ
নব্বইয়ের ফ্যাশন অনুষঙ্গ পুঁতির গয়না এখন নতুন নকশা ও লেয়ারিংয়ের কৌশলে ফিরে এসেছে আধুনিক রূপে।
নব্বইয়ের দশকে পুঁতির মালা, দুল ও ব্রেসলেট ফ্যাশনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল।
শাড়ি ও দেশীয় সালোয়ার-কামিজ থেকে শুরু করে পাশ্চাত্য পোশাকের সঙ্গেও রঙিন পুঁতির গয়নার কদর ছিল বেশ।
সময়ের পরিক্রমায় সেই ফ্যাশন ধারা আজও অমলিন, কারণ প্রায় সব ধরনের পোশাকের সঙ্গেই অনায়াসে মানিয়ে যায় বৈচিত্র্যময় এই গয়না।
নতুন নকশা, রং, আকার এবং পরার আধুনিক কৌশলে পুঁতির গয়নায় এখন যুক্ত হয়েছে বাড়তি নান্দনিকতা। কখনও একটিমাত্র পুঁতির মালাই হয়ে উঠছে সাজের মূল আকর্ষণ, আবার কখনও কয়েক স্তরের মালা বা লেয়ারিং, বড় দুল বা বিপরীত রংয়ের মেলবন্ধনে তৈরি হচ্ছে সাজে নতুন ছন্দ।
পুরোনো স্মৃতি, নতুন উপস্থাপন
পুঁতির গয়নার মূল আবেদন লুকিয়ে থাকে এর রং ও বৈচিত্র্যে। ছোট-বড় পুঁতি, নানান আকৃতি, স্বচ্ছ-অস্বচ্ছ উপাদান বা একাধিক রংয়ের সমন্বয়ে তৈরি গয়নায় ফুটে ওঠে সহজ সৌন্দর্য।
নব্বইয়ের দশকের প্রতিদিনের সাজের অনুষঙ্গগুলোতেই এখন যুক্ত হয়েছে আধুনিক নির্মাণশৈলী, কোথাও বড় পুঁতির সঙ্গে ছোট পুঁতির মেলবন্ধন, কোথাও একই রংয়ের বিভিন্ন আভা, আবার কোথাও ধাতব বা কাঠের উপাদানের সঙ্গে পুঁতির চমৎকার ব্যবহার।
অনলাইন গয়না প্ল্যাটফর্ম ‘মিথ’-এর প্রধান ও গয়না নকশাবিদ পৃথা শাহনেওয়াজ বলেন, “আগের মতো কেবল গলার মালা বা হাতের ব্রেসলেটেই পুঁতির ব্যবহার সীমাবদ্ধ নেই; কানের দুল, আংটি, কোমরের গয়না বা চুলের সাজেও এখন পুঁতির উপস্থিতি দেখা যায়।”
“তবে একসঙ্গে অনেক কিছু পরার বদলে যেকোনও একটি গয়নাকে প্রাধান্য দিয়ে সাজলে, বেশি পরিপাটি দেখায়। বড় পুঁতির দুল পরলে গলায় ভারী মালা এড়িয়ে চলা উচিত; আবার কয়েক স্তরের মালা পরলে কানের দুল ছোট ও সাধারণ রাখাই ভালো”, পরামর্শ দেন তিনি।
শাড়ির সঙ্গে রংয়ের খেলা
শাড়ির সঙ্গে পুঁতির গয়না নির্বাচনের ক্ষেত্রে শাড়ির ধরন ও রং- দুটিই গুরুত্বপূর্ণ।
পৃথা শাহনেওয়াজের মতে, “একরঙা সুতি, তাঁত বা লিনেন শাড়ির সঙ্গে উজ্জ্বল রংয়ের পুঁতির মালা দারুণ মানিয়ে যায়। সাদা, কালো, নীল বা বাদামি রংয়ের শাড়িতে লাল, হলুদ, সবুজ বা ফিরোজা পুঁতির গয়না আলাদা নজর কাড়ে। অন্যদিকে, শাড়িতে আগে থেকেই অনেক রং বা নকশা থাকলে সেই শাড়ির কোনও একটি রং বেছে নিয়ে পুঁতির গয়না পরা যেতে পারে।”
জামদানি বা ভারী নকশাদার শাড়ির সঙ্গে খুব বড় ও জাঁকজমকপূর্ণ গয়না না পরে, তুলনামূলক সরল নকশার মালা বেছে নেওয়া উচিত, যাতে শাড়ির বুনন ও নকশার সৌন্দর্য অটুট থাকে।
তবে একরঙা শাড়ির সঙ্গে বড় পুঁতির মালা বা কয়েক স্তরের গয়না উৎসবের আবহ তৈরি করে।
ব্লাউজের গলার কাটের সঙ্গেও গয়নার সামঞ্জস্য রাখা জরুরি। গোল গলার ব্লাউজের সঙ্গে ছোট বা মাঝারি দৈর্ঘ্যের মালা এবং গভীর গলার ব্লাউজের সঙ্গে লম্বা বা কয়েক স্তরের মালা ভালো মানায়।
দেশি পোশাকে সহজ সাজ
সালোয়ার-কামিজ, কুর্তি বা ফতুয়ার সঙ্গে পুঁতির গয়না সহজেই মানিয়ে যায়। সাদা বা হালকা রংয়ের একরঙা কুর্তির সঙ্গে নীল, লাল বা সবুজ পুঁতির মালা সাজে ভিন্ন মাত্রা যোগ করে।
আবার পোশাকের রংয়ের কাছাকাছি শেডের পুঁতি বেছে নিলে শান্ত ও সংযত সাজ ফুটে ওঠে।
পোশাকের দৈর্ঘ্য অনুযায়ী গয়নার মাপ ঠিক করা জরুরি। লম্বা কুর্তির সঙ্গে লম্বা মালা এবং ছোট কুর্তির সঙ্গে গলার কাছাকাছি বসে এমন মালা মানানসই।
কামিজের গলায় ভারী কাজ থাকলে মালা বাদ দিয়ে কেবল পুঁতির দুল বা ব্রেসলেট বেছে নেওয়া ভালো, এতে সাজে অতিরিক্ত ভারী ভাব আসে না।
পাশ্চাত্য পোশাকে নতুন মাত্রা
“পুঁতির গয়না কেবল দেশি পোশাকেই সীমাবদ্ধ নয়; শার্ট, টপ, টি-শার্ট, ডেনিম বা একরঙা মিডি ড্রেসের সঙ্গেও এটি বেশ মানায়”, বলেন পৃথা।
সাধারণ সাদা শার্টের সঙ্গে রঙিন পুঁতির ছোট মালা বা কয়েক স্তরের গয়না সাজে দ্রুত বৈচিত্র্য আনে। কালো টপের সঙ্গে উজ্জ্বল পুঁতির দুল বা সাদামাটা পোশাকের সঙ্গে বড় পুঁতির ব্রেসলেট হতে পারে আকর্ষণীয় অনুষঙ্গ।
ডেনিমের সঙ্গে কাঠের বা বাদামি রংয়ের পুঁতির গয়না বেশ মানানসই। এছাড়া উজ্জ্বল রংয়ের পোশাকের সঙ্গে একই রংয়ের গয়না না পরে বিপরীত বা পরিপূরক রং বেছে নেওয়া যায়।
যেমন- নীল পোশাকের সঙ্গে কমলা বা হলুদ পুঁতির গয়না প্রাণবন্ত বৈপরীত্য তৈরি করে। তবে পোশাকে বড় ছাপ বা নকশা থাকলে গয়নার নকশা সরল রাখাই শ্রেয়।
লেয়ারিংয়ের কৌশল ও রং বাছাই
মিথ-এর এই প্রধান নকশাবিদ বলেন, “ছোট, মাঝারি ও লম্বা- তিন দৈর্ঘ্যের মালা একসঙ্গে পরলে সুন্দর লেয়ারিং তৈরি হয়। এক্ষেত্রে একটি মালায় ছোট পুঁতি ও অন্যটিতে বড় পুঁতি কিংবা একরঙা মালার সঙ্গে বহুরঙা মালার সমন্বয় করা যায়।”
“তবে সব মালা যেন গলায় এক জায়গায় জটলা না পাকায়, সেজন্য দৈর্ঘ্যের স্পষ্ট পার্থক্য রাখা জরুরি। চাইলে পুঁতির মালার সঙ্গে সরু ধাতব চেইনও যোগ করা যেতে পারে, তবে দুই বা তিন ধরনের গয়নার মধ্যেই সমন্বয় রাখা নিরাপদ”, পরামর্শ দেন তিনি।
এছাড়াও, রং নির্বাচনের ক্ষেত্রে পরিমিত ও পরিশীলিত সাজ চাইলে কালো, সাদা, বাদামি, ধূসর বা মাটি রংয়ের পুঁতি এবং উজ্জ্বল সাজ চাইলে লাল, হলুদ, ফিরোজা, বেগুনি বা সবুজ রং বেছে নেওয়া যায়।
আর গাঢ় নীলের সঙ্গে হালকা নীল বা গাঢ় সবুজের সঙ্গে পুদিনা রংয়ের পুঁতি মিলিয়েও বৈচিত্র্য আনা সম্ভব।
আয়োজন বুঝে গয়নার ব্যবহার
প্রতিদিনের ব্যবহারে ছোট পুঁতির দুল, সরু মালা বা একটি ব্রেসলেটই যথেষ্ট। বন্ধুদের সঙ্গে আড্ডা বা ঘোরাঘুরিতে রঙিন ও কিছুটা বড় নকশার গয়না পরা যায়।
জন্মদিন বা ঘরোয়া অনুষ্ঠানে কয়েক স্তরের মালা বা বড় দুল সাজে আলাদা ‘লুক’ তৈরি করবে। তবে বিয়ের মতো জমকালো আনুষ্ঠানিক আয়োজনে পোশাকের কাজ ও অন্যান্য গয়নার সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁতির গয়না বেছে নেওয়াই শ্রেয়।
