২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার থেকে সব কারখানা চালু হবে, আশা শ্রমমন্ত্রীর

“কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Nov 2026, 07:04 PM

Updated : 26 Nov 2026, 07:04 PM

দেশের সব কলকারখানা ‘উৎসাহ-উদ্দীপনার’ মধ্য দিয়ে শনিবার থেকে চালু হবে বলে প্রত্যাশা করছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

একই সঙ্গে শ্রমিক পরিচয়ে কেউ ইচ্ছাকৃতভাবে শিল্পকারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শ্রমমন্ত্রী।

তিনি বলেন, “শনিবার থেকে দেশের সব কলকারখানা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চালু হোক, এটাই প্রত্যাশা করছে সরকার।”

অনুষ্ঠানে শ্রমিক নেতা ও সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বক্তব্য শেষে এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতারা পেছন থেকে নিজেদের বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া হলে তারা হট্টগোল করে বেরিয়ে যান।

এ ঘটনা এবং শ্রমিকদের আন্দোলনে নিষিদ্ধ আওয়ামী লীগের ‘উসকানি’র দিকে ইঙ্গিত করে আরিফুল হক চৌধুরী বলেন, “আপনারা তাদের আইডেন্টিফাই করে দেন, মানুষই তাদের প্রতিহত করবে। কিছুক্ষণ আগে দেখলেন না, এরা শ্রমিকও না, শ্রমিক নেতাও না। শ্রমিকদের কথা বলে যারা এসব করছে, তাদের বিষয়টি বুঝতে পারছেন।

“আমার মনে হয়, এদের বিরুদ্ধে ২৪ জুলাই যেভাবে বিপ্লব হয়েছে, দেশ রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধেও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।”

শ্রমিকদের বিভিন্ন দাবি ও অসন্তোষকে গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বর্ণনা করে তিনি বলেন, যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। শ্রমিকদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনই তাদের কথা শোনার দায়িত্বও সরকারের রয়েছে। সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার চেষ্টা করবে।

মজুরি নির্ধারণের প্রক্রিয়া নিয়ে শ্রমমন্ত্রী বলেন, “মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়ায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা সহযোগিতা করেছেন। গভীর রাত পর্যন্ত আলোচনা হয়েছে।

“সরকার কোনো পক্ষের হয়ে হস্তক্ষেপ করেনি; বরং নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছে।”

এ জন্য মজুরি বোর্ডের সদস্য এবং শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের ধন্যবাদ জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়লে শিল্পপ্রতিষ্ঠানের আয় বাড়বে। তখন শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোও সহজ হবে। তাই কোনো ষড়যন্ত্র বা বিশৃঙ্খলার কারণে শিল্পকারখানা বন্ধ হয়ে যাক, তা কোনোভাবেই কাম্য নয়। শিল্পের অগ্রগতির পাশাপাশি শ্রমিকদের স্বার্থও রক্ষা করতে হবে।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শুরু থেকেই শ্রমিক ও মালিকপক্ষের সমন্বয়ে একটি সুন্দর সমাধানের জন্য উৎসাহ দিয়েছেন। শেষ পর্যন্ত মজুরি বোর্ডের মাধ্যমে নিরপেক্ষভাবে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।