মাগুরায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামীর যাবজ্জীবন
২০২৩ সালের ২৪ নভেম্বর রাতে স্ত্রীকে হত্যা করে স্বামী পালিয়ে যান বলে জানান পিপি।
মাগুরার শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা মামলায় তার স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে মাগুরার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) সাকাওয়াত হোসেন।
দণ্ড পাওয়া মোসলেম উদ্দিন মণ্ডল (৪৩) উপজেলার চরপাড়া গ্রামের প্রয়াত শাহাদৎ মণ্ডলের ছেলে।
মামলা থেকে জানা গেছে, ১৭ বছর আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বনগ্রাম গ্রামের প্রয়াত সৈয়দ আলী মণ্ডলের মেয়ে মোছাম্মৎ মেরিনা বেগমের (৩৬) সঙ্গে মোসলেমের বিয়ে হয়। বিবাহের পর তাদের ঘরে দুটি মেয়ে সন্তান জন্ম নেয়।
তবে দাম্পত্য জীবনে তাদের মধ্যে ছোট-খাটো বিষয় নিয়ে প্রায়ই বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে তাদের মধ্যে মৌখিকভাবে তালাকও হয়। পরে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা পুনরায় তাদের বিয়ে দেন। কিন্তু এরপরও তারা প্রায়ই ঝগড়া বিবাদ করতেন।
২০২৩ সালের ২৪ নভেম্বর রাতে খাওয়া শেষ করে সবাই ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে মেরিনার মেয়ে মুন্নি ও তিন্নি ঘুম থেকে জেগে মায়ের গোংড়ানোর শব্দ পায়। পরে তারা ঘর থেকে বের হয়ে দেখেন, তাদের বাবা কক্ষ থেকে বের হয়ে চলে যাচ্ছেন। তারা দরজার সামনে গিয়ে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি।
পরে তারা ঘরে তালা দেখে পুনরায় তাদের কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ৬টার দিকে দুই বোন আবারও তাদের মাকে ডাকতে গিয়ে ঘরের দরজার খোলা যান। ভেতরে প্রবেশ করে মাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ভয়ে চিৎকার করেন তারা। পরে বাড়ির অন্যরাসহ পাড়া প্রতিবেশীরা গিয়ে খাটের উপর মেরিনাকে মৃত অবস্থায় পান।
এ ঘটনায় মেরিনার বড় ভাই মো. মোনছের আলী মণ্ডল বাদী হয়ে মোসলেমকে আসামি করে শ্রীপুর থানায় হত্যা মামলা করেন। পরে পলাতক অবস্থায় মোসলেমকে গ্রেপ্তার করে পুলিশ। মেরিনাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসে।
পরে আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানিয়েছেন পিপি সাকাওয়াত হোসেন।
তিনি বলেন, পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা একমাত্র আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
