২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

২০১৮ সালের ২৯ মে জাহানারা বেগমকে স্বর্ণালংকার কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।

হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

হবিগঞ্জ আদালতে রায় ঘোষণা শেষে আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 03:26 PM

Updated : 28 Oct 2026, 03:26 PM

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় শাশুড়িকে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাঁকন দে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান।

যাবজ্জীবন পাওয়া মো. অলিউর রহমান অলি (৪২) মাধবপুর উপজেলার তুলশীপুর (অলিপুর) গ্রামের মো. ইউনুছ আলীর ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৮ সালের ২৯ মে সকালে অলি তার শাশুড়ি জাহানারা বেগমকে স্বর্ণালংকার কিনে দেওয়ার কথা বলে বাড়ি থেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর ১ জুন উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ওয়াচ টাওয়ারের দক্ষিণ পাশে বেতবাগান থেকে জাহানারার গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন পত্রিকায় প্রকাশিত খবর দেখে জাহানারার ছেলে লাশটি তার মায়ের বলে শনাক্ত করেন।

পরে এ ঘটনায় জাহানারার ছেলে মো. মিজানুর রহমান বাদী হয়ে চুনারুঘাট থানায় হত্যা মামলা করেন

এরপর পুলিশ অলিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান।

তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ জানুয়ারি পুলিশ অলিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান তিনি।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. গুলজার আহমেদ খান।

তিনি বলেন, রাষ্ট্রপক্ষ মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই ধরনের হত্যা মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষ ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে।