হবিগঞ্জে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় একজনের ১০ বছরের জেল
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা ৩টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাঁকন দে আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের স্টেনোগ্রাফার মো. মুখলেছুর রহমান।
কারাদণ্ড পাওয়া মো. এমরান খাঁন ওরফে ইমরান খাঁন উপজেলার দক্ষিণ শাহপুর প্রকাশ শাহনগর (পূর্বপাড়া) গ্রামের রাকিব খানের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০২০ সালের ২ অগাস্ট উপজেলার নোয়াহাটি এলাকায় জিসান স্টোরের সামনে অভিযান চালিয়ে এমরান খাঁনকে আটক করে পুলিশ। সেই সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করে। তদন্ত শেষে একই বছরের ৩০ সেপ্টেম্বর পাঁচজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
সাক্ষ্য গ্রহণ শেষে এক আসামিকে ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান।
এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে বেকসুর খালাস দেওয়া হয় বলে জানান তিনি।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মো. নুরুল ইসলাম।
