১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

আদালত থেকে পালানো সেই কাউসার কারাগারে

“আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 05:38 PM

Updated : 12 Nov 2026, 05:38 PM

ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানোর মামলায় হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত বৃহস্পতিবার এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই শেখ কামাল হোসেন।

তিনি বলেন, “আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। তাকে এজলাসেও ওঠানো হয়নি।”

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নেত্রকোণার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এরপর দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই সুফল কুমার রায়।

আবেদনে বলা হয়, কাউসারকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে রিমান্ড আবেদন করা হবে।

মামলার বিবরণ অনুযায়ী, পোশাকশ্রমিক আলো আক্তার হত্যা মামলায় কাউসারকে হাজির করতে গত ১০ নভেম্বর মহানগর জজ আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখান থেকে দুই পুলিশ সদস্যের মাধ্যমে তাকে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

আদালতের কার্যক্রম শেষে অন্য দুই আসামিকে হাজতখানায় ফেরত নেওয়া হলেও কাউসার ও মাইদুর রহমানকে কাঠগড়ায় রাখা হয়। দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাতুল ইসলাম পরে দুই আসামির হাতকড়ার এক অংশ কাঠগড়ার গ্রিলের সঙ্গে এবং অন্য অংশ তাদের হাতে লাগিয়ে রাখেন। কনস্টেবল পেশকারের কাছ থেকে নথিপত্র আনতে গেলে সেই সুযোগে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।

এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা কোতয়ালী থানায় মামলা দায়ের করেন।