১৫ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

‘আধ্যাত্মিক চর্চার’ কথা বলে ‘ধর্ষণ’, কারাগারে আসামি

ঘটনার ভিডিও দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করা হয়, অভিযোগ করেছেন বাদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 15 Nov 2026, 10:43 PM

Updated : 15 Nov 2026, 10:43 PM

ঢাকার মোহাম্মদপুরে এক নারী সংস্কৃতিকর্মীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মো. সোহেল রানাকে কারাগারে পাঠানো হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই জলিল মাতুব্বর এ তথ্য দিয়েছেন।

গত ৯ নভেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ আদালতে ভুক্তভোগী ওই নারী মামলার আবেদন করেন।

বিচারক মোছা. কামরুন্নাহার অভিযোগটি মোহাম্মদপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের বাসা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-২) একটি দল।

মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই ইখতিয়ার হোসেন রোববার আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী অমিত দেওয়ান জামিনের আর্জি জানান।

জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন রেখে আদালত আসামিকে কারাগারে পাঠিয়েছে বলে জানান এই আইনজীবী।

মামলায় অভিযোগ করা হয়, ভুক্তভোগী ওই নারী একজন সংস্কৃতিকর্মী। তার স্বামীর ব্যবসায়িক সূত্রে ২০২১ সালে সোহেল রানার সঙ্গে পরিচয় হয়। পরে ওই নারীর শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে চিকিৎসার কথা বলে তাকে মোহাম্মদপুরের নুরজাহান রোডে নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা।

অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ২৪ অগাস্ট বিকালে চিকিৎসা ও আধ্যাত্মিক চর্চার কথা বলে ভুক্তভোগী নারীর চোখ ও মুখ কালো কাপড় দিয়ে বেঁধে একটি বিশেষ কক্ষে নিয়ে যান সোহেল রানা। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এ ঘটনার ভিডিও ধারণ করা হয়। ওই ভিডিও দেখিয়ে তাকে চুপ থাকতে বাধ্য করেন আসামি।

এভাবে একাধিকবার তাকে ধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বাদী।

এজাহারে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর অনাগত সন্তানের জন্য তদবির দেওয়ার কথা বলে ভুক্তভোগীকে আবারও নিজের আস্তানায় ডেকে নেন সোহেল রানা। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করা হয়।