যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার ব্যক্তি কারাগারে
পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে ফেইসবুকে পাওয়া প্রশ্নপত্র পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিলে যায়।
যুব উন্নয়ন অধিদপ্তরের ‘সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা’ নিয়োগে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার তৌকিব ইবনে সাদেককে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রোকনুজ্জামান জানিয়েছেন।
তৌকিব ইবনে সাদেককে রোববার সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে তৌকিবকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি পুলিশের সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান এদিন তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তৌকিবের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি কয়েকজন সহযোগীর নাম-পরিচয় জানিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
“পর্যাপ্ত সময়ের অভাবে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদনের প্রক্রিয়া চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।”
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো আতিকুর রহমান গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌকিবকে।
মামলার বিবরণে বলা হয়, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার (গ্রেড-১১) ২৪২ পদে নিয়োগে গত ১০ অক্টোবর সকাল ১১টা থেকে এক ঘণ্টা এমসিকিউ পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর প্রায় ঘণ্টাখানেক আগে ফেইসবুকে প্রশ্নপত্র পাওয়ার তথ্য পান সংশ্লিষ্ট কর্মকর্তারা। যাচাইবাছাই করে সেই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার দিনের প্রশ্নপত্র হুবহু মিলে যায়।
ওই ঘটনায় তাৎক্ষণিকভাবে পরীক্ষা স্থগিত করা হয়। এতে পরীক্ষা আয়োজনের জন্য বরাদ্দ অর্থ, জনবল ও অন্যান্য সম্পদের অপচয় হয় বলে এজাহারে তুলে ধরা হয়।
