২১ অক্টোবর ২০২৬, ০৬ কার্তিক ১৪৩৩

যুব উন্নয়নের প্রশ্নফাঁস: কৃষি গবেষণা কাউন্সিলের উপপরিচালক গ্রেপ্তার

গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 21 Oct 2026, 11:54 AM

Updated : 21 Oct 2026, 11:54 AM

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডির সাইবার পুলিশ ইউনিটের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় তদন্তে সোহাগ ফকিরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। রাজৈর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের সময় সোহাগ ফকিরের কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।

রাজৈর থানার ওসি কুতুবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রাত ১২ টার পরে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

“এসময় আমাদের থানা পুলিশের একটি দল তাদের সহায়তা করে। এরপর ভোরবেলা তাকে নিয়ে সিআইডির একটি টিম ঢাকার উদ্দেশ্য রওনা হয়।”

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর গেল ১০ অক্টোবর অনুষ্ঠেয় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এরপর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে প্রার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। তারা মানিক মিয়া এভিনিউ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

এরপরই যুব মন্ত্রণালয়ের তরফে তদন্ত কমিটি করা হল।