২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়, বলেন পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 10:16 PM

Updated : 29 Nov 2026, 10:16 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার রাত ৯টা ১১মিনিটে ঢাকার গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "তাকে আজ গ্রেপ্তার করা হয়েছে। এখন ডিবি কার্যালয়ে আছেন।”

পুলিশের দাবি, চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন; সংসদ সদস্য ছিলেন যশোর-৫ আসনের।