২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইউটার্ন নিতে গিয়ে বাসের নিচে বাইক, ট্যাংকি ফেটে প্রচণ্ড আগুন’

“এটি দুর্ঘটনার কারণে সৃষ্ট আগুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে- তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে,” বলেন সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 10:12 PM

Updated : 29 Nov 2026, 10:12 PM

ঢাকার সাভারে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে যানবাহন দুটি পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে বলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন জানান।

তিনি বলেন, “রাজধানী পরিবহনের একটি বাস ইউটার্ন নেওয়ার সময় মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি সড়ক বিভাজকের উপর ওঠে পড়ে। আর মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। এ সময় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে পেট্রোল ছড়িয়ে পড়ে আগুন ধরে যায়।

“ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর আগেই যানবাহন দুটি পুড়ে যায়। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

সাভার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “বাসটির সামনে একটি মোটরসাইকেলও আগুনে পুড়েছে। এটি দুর্ঘটনার কারণে সৃষ্ট আগুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে- তা তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।”

দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ ও ফায়ার সার্ভিসের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।