কুমিল্লায় পুড়ে ছাই ১২ দোকান, সর্বস্বান্ত ব্যবসায়ীরা
আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মাণ সামগ্রী, টিনের দোকান, সেলুন ও স্টুডিও রয়েছে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে প্রায় আট কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শনিবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ দক্ষিণ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডার, নির্মাণ সামগ্রী, টিনের দোকান, সেলুন ও স্টুডিও রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ায় দোকানগুলোর ভেতরে থাকা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি।
এতে ব্যবসায়ীরা সর্বস্বান্ত হয়ে পড়েছেন দাবি করেছেন।
কুমিল্লা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই বুড়িচং ও কুমিল্লার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর সকাল ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
ব্রাহ্মণপাড়া থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে পুলিশ। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিস ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।
এ অগ্নিদুর্ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
