যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা: প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্তে কমিটি গঠন
রাজধানীতে শনিবার সকালে অনুষ্ঠেয় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের যে অভিযোগ ওঠেছে, তা তদন্তে কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
শনিবার সকালে রাজধানীতে অনুষ্ঠেয় এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এরপর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে প্রার্থীরা সড়কে নেমে বিক্ষোভ করেন। তারা মানিক মিয়া এভিনিউ কিছুক্ষণ অবরোধ করে রাখেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।
এর পরই যুব মন্ত্রণালয়ের তরফে তদন্ত কমিটি করা হল।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুব উন্নয়ন অধিদপ্তরের ১১তম গ্রেডের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার শূন্যপদে জনবল নিয়োগের জন্য শনিবার অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে।
এর প্রেক্ষিতে পরীক্ষা বাতিল করা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, “এ বিষয়ে সুষ্ঠুভাবে তদন্তকার্য সম্পাদন করার জন্য তদন্ত কমিটি গঠন করা হল।”
কমিটি আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
পাঁচ সদস্যের এ কমিটির আহ্বায়ক করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিববে। সদস্য সচিব হলেন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার উপসচিব। আর তিন সদস্য হলেন যুগ্ম সচিব (ফাইন্যান্স অ্যান্ড পারফরম্যান্স ম্যানেজমেন্ট অধিশাখা), জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (সিড ফাইন্যান্সিং)।
