প্রশ্ন ফাঁসের অভিযোগ: যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা স্থগিত, প্রতিবাদে বিক্ষোভ-অবরোধ
রাজধানীর প্রায় ১০০ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রশ্নফাঁসের প্রতিবাদে রাজধানীর মিরপুর, মানিক মিয়া এভিনিউ, নীলক্ষেত মোড়, মতিঝিলসহ কয়েক জায়গায় বিক্ষোভ করেছেন প্রার্থীরা।
১১তম গ্রেডের ২৪২টি পদের জন্য শনিবার সকালে এ নিয়োগ পরীক্ষা রাজধানীর প্রায় ১০০ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু আগের রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছড়ায়।
সকালে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা স্থগিতের খবর পেয়ে অনেকগুলো পরীক্ষাকেন্দ্রের সামনে প্রার্থীরা বিক্ষোভ শুরু করেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-৫) মাজহারুল হক বলেন, “আমিও একটা পরীক্ষাকেন্দ্রে ছিলাম। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে ম্যাসেজ পেলাম যে, ‘অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।’ আমরা সে অনুযায়ী কাজ করছি।”
প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা স্থগিত হওয়ার খবর পেয়ে মিরপুরের বাঙলা কলেজ, মানিক মিয়া এভিনিউর আড়ং মোড়, নীলক্ষেত মোড়সহ বিভিন্ন জায়গায় প্রার্থীরা বিক্ষোভ শুরু করেন।
পরে একদল প্রার্থী মতিঝিলের দিলখুশায় যুব উন্নয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন। মিরপুরসহ বিভিন্ন জায়গা থেকে বাস ভরে শিক্ষার্থীরা মতিঝিলে আসেন।
রাজধানীর বিভিন্ন জায়গায় একযোগে বিক্ষোভের ফলে বিভিন্ন সড়কে যানজট তৈরি হয়।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ কমিশনার রফিকুল ইসলাম বলছেন, “পৌনে ১২টার দিকে প্রার্থীরা মানিক মিয়া এভিনিউতে অবরোধ করে। ঘণ্টাখানেক পরে তারা সড়ক ছেড়ে দেয়।”
