১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

চিন্ময় কৃষ্ণকে চট্টগ্রাম কারাগার থেকে কেরাণীগঞ্জে স্থানান্তর

২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে তিনি কারাগারে আছেন। এর মাঝে মায়ের মৃত্যুতে একবার পাঁচ ঘণ্টার জন্য পারোলে মুক্তি পেয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 09:36 PM

Updated : 16 Nov 2026, 09:36 PM

সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও ইসকন সংগঠক কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকার কেরাণীগঞ্জে বিশেষ কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

সোমবার তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরাণীগঞ্জে স্থানান্তর করা হয় বলে জেল সুপার ইকবাল হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ‘রুটিন’ প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে কেরাণীগঞ্জে স্থানান্তর করা হয়েছে।

“এটি সাধারণ প্রক্রিয়া। যেকোনো হাজতি বা কয়েদীকে যেকোন কারাগারে স্থানান্তর করা যায়।”

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে আট দাবিতে সনাতনী সম্প্রদায়ের আন্দোলনের মুখপাত্র হিসেবে বক্তব্য দিয়ে আসছিলেন চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় দাস।

ওই বছর অক্টোবরে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালি থানায় রাষ্ট্রদোহ মামলা হয়। ২৫ নভেম্বর ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরের দিন তার জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ হলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করেন তার সমর্থকরা। আড়াই ঘণ্টা পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে চিন্ময়কে কারাগারে নিয়ে যায়।

বিক্ষোভকারীরা আদালত সড়কে রাখা বেশ কিছু মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করে। এরপর আদালতের সাধারণ আইনজীবী ও কর্মচারীরা মিলে তাদের ধাওয়া করে। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় আইনজীবী আলিফের বাবার করা মামলায় চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর নাম না থাকলেও পুলিশ তদন্ত প্রতিবেদনে তাকে প্রধান আসামি করে।

চিন্ময়ের বিরুদ্ধে এখন আটটি মামলা রয়েছে। এরমধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলা চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুন্যালে বিচারাধীন।

চিন্ময় হাই কোর্ট থেকে চার মামলায় জামিন পেলেও অন্য মামলাগুলোতে গ্রেপ্তার থাকায় তাকে কারাগারেই থাকতে হচ্ছে।

এরমধ্যে গত ১০ সেপ্টেম্বর মায়ের মৃত্যুতে শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য পারোলে মুক্তি পেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।

পুরনো খবর:

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ আটক
মায়ের মৃত্যু: ৫ ঘণ্টার জন্য ‍মুক্তি পাচ্ছেন চিন্ময় দাস
মায়ের শেষকৃত্যে অংশ নিয়ে আবার কারাগারে চিন্ময়