চিন্ময়ের মুক্তি চেয়ে চেইঞ্জ ডট অর্গে গণস্বাক্ষর
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ আবেদন জানিয়েছেন তারা।
কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ‘চেইঞ্জ ডট অর্গ’-এ একটি গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শিতাংশু গুহ গত পহেলা নভেম্বর এই আবেদনটি শুরু করেন। রোববার পর্যন্ত এতে ৯৬০ জন স্বাক্ষর করেছেন এবং আবেদনটি ৬০৭ বার শেয়ার হয়েছে।
আবেদনে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিচারপ্রক্রিয়া, দেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা এবং তাদের অধিকার রক্ষার বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বলা হয়েছে, “পূর্ববর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাগারে বন্দী করেছে, তিনি খুনি নন, তবুও তিনি একটি হত্যা মামলার মূল অভিযুক্ত হয়ে কারাগারে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তাঁকে মুক্তি দিন।”
পিটিশনে বলা হয়েছে, চিন্ময় কৃষ্ণ দাসকে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
আবেদনকারীর দাবি, “চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।” তবে এসব অভিযোগের বিষয়ে পিটিশনে কোনো স্বতন্ত্র প্রমাণ উপস্থাপন করা হয়নি।
আবেদনে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীদের আদালতে উপস্থিত হতে না পারা এবং তার পক্ষে আইনি লড়াই করতে গিয়ে আইনজীবীদের বাধার মুখে পড়ার অভিযোগও তুলে ধরা হয়েছে। একইসঙ্গে তার জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।
পিটিশনে উল্লেখ করা হয়, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি জানেন যে ২০১২ সাল থেকে বাংলাদেশে ধর্ম অবমাননার নামে বারবার সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, রামু থেকে নাসিরনগর, কুমিল্লাসহ বহু জায়গায় ব্লাসফেমির অজুহাতে মানুষ হত্যা করা হয়, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মহিলাদের মর্যাদা লুণ্ঠিত হয়। অথচ প্রায় প্রতিটি ক্ষেত্রে ধর্ম অবমাননার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। ১৮ ডিসেম্বর ২০২৫ ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড আবারও প্রমাণ করেছে যে একটি গোষ্ঠী যে কোনও উপায়ে হিন্দুদের নির্মূল করতে বদ্ধপরিকর। এটি বন্ধ করা দরকার।”
এ ছাড়া সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করে আইনটি বাতিলের বিষয়টিও প্রধানমন্ত্রীর বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
