১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধারের মামলায় ২ জনকে ১০ বছরের কারাদণ্ড

২০১৮ সালের ২ মার্চ অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।

কুমিল্লায় ১০০ কেজি গাঁজা উদ্ধারের মামলায় ২ জনকে ১০ বছরের কারাদণ্ড

কুমিল্লা আদালতে রায় ঘোষণা শেষে দুই আসামিকে কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 03:31 PM

Updated : 16 Nov 2026, 03:31 PM

কুমিল্লায় আট বছর আগে ১০০ কেজি গাঁজা উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামছুল আলম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষে অতিরিক্ত কৌঁসুলি (এপিপি) মোসাম্মৎ মাহমুদা খানম শিল্পী।

দণ্ড পাওয়ারা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার ঢুলিপাড়া সরদার বাড়ির আবদুল মতিনের ছেলে মো. আমির হোসেন (৫০) এবং একই গ্রামের আলী নেওয়াজের ছেলে মো. হারুন (২৬) ।

এপিপি মাহমুদা বলেন, ২০১৮ সালের ২ মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজাসহ আমির হোসেন ও হারুনকে আটক করে গোয়েন্দা পুলিশ-ডিবি।

পরে এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. শরিফুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সদর দক্ষিণ থানায় মামলা করেন বলে জানান তিনি।

তিনি বলেন, তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ মে এসআই ইসহাক মিয়া ওই দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

সাক্ষ্য গ্রহণ শেষে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়; যা অনাদায়ে তাদের আরও তিন মাস করে বিনাশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

দণ্ড পাওয়াদের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন এপিপি মাহমুদা খানম।