১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িলে অস্ত্রের মুখে ছিনতাই, নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকের বিকাশ পাসওয়ার্ড

এ ঘটনায় খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক ফায়েদ।

কুড়িলে অস্ত্রের মুখে ছিনতাই, নেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোরের সাংবাদিকের বিকাশ পাসওয়ার্ড

খিলক্ষেত থানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:11 PM

Updated : 18 Nov 2026, 05:11 PM

ঢাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাংবাদিক আল ফায়েদ প্রামাণিক।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে রাজধানীর কুড়িল বিশ্বরোডে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার সকালে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন ফায়েদ।

ফায়েদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সাব এডিটর হিসেবে কর্মরত আছেন।

তিনি বলেন, রাতে অফিস থেকে বেরিয়ে এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পরে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিট হয়ে নিজের বাসার দিকে রওয়ানা হন।

পথে কুড়িল থেকে ব্যাপারীপাড়া সড়কে হঠাৎ চারজন ছিনতাইকারী তাকে ঘিরে ধরেন। ছিনতাইকারীরা তাকে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে পাশের রেললাইনের নির্জন স্থানে নিয়ে যান। সেখানে নিয়ে তার মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।

পরে ধারাল অস্ত্রের মুখে ঘণ্টা দেড়েক জিম্মি করে রেখে বিকাশের পাসওয়ার্ড নিয়ে যায় ছিনতাইকারীররা। এ সময় ফায়েদকে ছুরিকাঘাতের চেষ্টাও করা হয়। পরে তাকে রেখে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ফায়েদ বলেন, ছাড়া পেয়ে খিলক্ষেত থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান তিনি। কিন্তু সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ওসি খিলক্ষেত থানার ওসি মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, “এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। আমাদের একজন কর্মকর্তা বিষয়টি নিয়ে কাজ করছেন।”