০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

ডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী

ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনের প্রেক্ষাপটে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রমমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 01 Nov 2026, 09:00 PM

Updated : 01 Nov 2026, 09:37 PM

ডিসেম্বরকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে আসেন।

তিনি বলেন, ‘‘আজকের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন একটি মহল ডিসেম্বরকে সামনে রেখে চক্রান্ত করছে। সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের লিপ্ত।

‘‘আমাদের আলোচনা হয়েছে, জনগণের নিরাপত্তা ও স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনা এবং যারা এইসব মানে আপনাকে এটা ক্লিয়ার যে সরকারকে অস্থিতিশীল করার জন্য ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক দলে এইসব যারা শ্রমিকের সঙ্গে না তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে আপনারা জানেন ফ্যাসিবাদের সেই আবার বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত লিপ্ত। ইনশাআল্লাহ আমরা রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করব।”

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে পোশাক শ্রমিকদের আন্দোলন ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জরুরি এ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেন।

সন্ধ্যা ৬টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রায় দেড় ঘণ্টা এ বৈঠক চলে।

বৈঠকে প্রধানমন্ত্রী কারখানা চালু রাখতে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন শ্রমমন্ত্রী।

একই সঙ্গে সরকারপ্রধান জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্টদের।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্‌দী আমিন, বিএনপির শ্রমিক সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে শ্রমমন্ত্রী বলেন, “উনি বলছেন যে কলকারখানা-শিল্পকারখানা যেন সঠিকভাবে চলে জনগণের জানমালের যেন নিরাপত্তা থাকে আমরা সকলে যেন সবাই সজাগ থাকি। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।”