‘মালিকদের কূটকৌশলে’ মজুরি বোর্ডের সভা স্থগিত, অভিযোগ শ্রমিকদের
‘অনতিবিলম্বে’ নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিতের পেছনে সরকার ও মালিকপক্ষের ‘কূটকৌশল’ রয়েছেন বলে অভিযোগ করছেন শ্রমিকরা।
শ্রমিক নেতারা বলছেন, সোমবারের ওই সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল, কিন্তু মজুরি বোর্ড ‘মালিকদের চাপের মুখে’ বৈঠক স্থগিত করেছে।
তবে মালিকপক্ষ বলছে, নিম্নতম মজুরি ঘোষণার ব্যাপারে তারাও ‘আন্তরিক’। শিগগিরই তারা স্থগিত হওয়া বৈঠকে বসতে আর নিম্নতম মজুরি ঘোষণা দিতে চান।
সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে মজুরি বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষের মজুরি কাঠামোর প্রস্তাব দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগ দিয়ে ‘অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে’ ওই সভা স্থগিতের কথা বলে মজুরি বোর্ড।
শিগগিরই সভার নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে- এমন কথা জানিয়ে বোর্ড চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের একজন স্থায়ী বোর্ড মেম্বার হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
পরে বিজিএমইএ ও বিকেএমইএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় নিম্নতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে।
মালিকপক্ষের প্রস্তাব গ্রহণের দিন শ্রমিক প্রতিনিধির অনুপস্থিতিকে ‘খোঁড়া যুক্তি’ বলে দাবি করেন শ্রমিক নেত্রী ‘মোশরেফা মিশু’।
তিনি বলেন, “মজুরি বোর্ডের কোনো এক সদস্য অসুস্থ, বিশেষ করে আনোয়ার হোসেন সাহেব। মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা ছিল। মজুরি বোর্ড তো নিজের থেকে এটা স্থগিত করেনি, করেছে মালিকদের চাপের মুখে। মালিকদের চাপেই আজকের বৈঠক স্থগিত হয়ে গেল।
“এখানে মালিকপক্ষ প্রস্তাব দেবে বোর্ডের কাছে। এখানে শ্রমিকপক্ষের প্রতিনিধি না থাকলে মালিকপক্ষের প্রস্তাব গ্রহণে সমস্যা দেখছি না। এটা বোর্ডের কূটকৌশল।”
এর আগে গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছিল বিজিএমইএ।
কিন্তু ওই সভা বন্ধ হওয়ার পরপরই নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন।
‘গার্মেন্টস শিল্প মজুরি বৃদ্ধি অ্যালায়েন্স বাংলাদেশ’ ব্যানারে বিজয়নগর পানির ট্যাংক এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শ্রম ভবন ও নিম্নতম মজুরি বোর্ড কার্যালয়ের সামনে জড়ো হন শ্রমিকরা।
সমাবেশ শেষে শ্রমিক নেতাদের একটি প্রতিনিধিদল নিম্নতম মজুরির প্রস্তাবনা ও স্মারকলিপি নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যানের দপ্তরে যান। চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী দপ্তরে অনুপস্থিত থাকায় বোর্ডের সদস্য ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার স্মারকলিপিটি গ্রহণ করেন।
সভা স্থগিত ও শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিয়ে বাবুল আখতার বলেন, “এই অস্থিরতা নিয়ে সকল ফেডারেশনের নেতারাই কথা বলছেন, মালিকপক্ষ কথা বলেছে, সরকারও কথা বলেছে। সকলের ব্যাখ্যা যদি দেখেন, অনেক ক্ষেত্রে ভিন্নতা আছে। শ্রমজীবী বা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রমিকদের দাবি হল মজুরি বৃদ্ধি। এটা শ্রমিকদের সঠিক এবং যৌক্তিক দাবি। এর সঙ্গে অন্যান্য স্বার্থান্বেষী মহল আছে, হতে পারে আর হচ্ছে যেটা—শ্রমিকদের অনেক সময় মিসগাইড করা হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে।
“এর দায়দায়িত্ব শুধু শ্রমিক ফেডারেশনগুলো নেবে না, এর দায়টা নিতে হবে মালিকপক্ষকে, এর দায় নেবে বিজিএমইএ। তার কারণ মালিক-শ্রমিকের আন্তরিকতা থাকলে বাহির থেকে কেউ কিছু করতে পারে না। তাদের উসকে দেওয়া বলেন, আন্দোলনের দিকে নিয়ে যাওয়া বলেন—তাহলে কিন্তু আর এটা হত না। অর্থাৎ এখানে মালিক-শ্রমিকের সুসম্পর্কই মূল কারণ, আর এটা যদি না থাকে সেটা মালিকদের কারণে। সুতরাং এর দায়দায়িত্ব মালিকদের।”
‘দ্রুত সভা চায় মালিক পক্ষও’
শ্রমিকদের নিম্নতম মজুরি দ্রুত ঘোষণার আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম।
দুই সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজকে (সোমবার) নিম্নতম মজুরি বোর্ডের ৩য় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং উক্ত সভায় মালিকপক্ষের প্রস্তাবনা দাখিলের দিন নির্ধারিত ছিল। সভায় নিম্নতম মজুরি প্রস্তাবনা পেশ করার জন্য মালিকপক্ষ সম্পূর্ণ প্রস্তুতও ছিল। তবে শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় বোর্ডের আজকের সভাটি স্থগিত করা হয়েছে।
“মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে, এ প্রক্রিয়াটি দ্রুতগতিতে সম্পন্ন হবে। যেহেতু আগামী ১ ডিসেম্বর থেকে নিম্নতম মজুরি কার্যকর করার সুনির্দিষ্ট তারিখ ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, তাই দ্রুততম সময়ে নিম্নতম মজুরি ঘোষণা করা হলে মালিকপক্ষ বাড়তি মজুরি প্রদানের ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় পাবে।”
অনতিবিলম্বে নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বানও জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ।
