পোশাকখাত: মজুরি বোর্ডের সভার আগে বৈঠকে মালিকপক্ষ
“বেশিরভাগ মতামত দিয়েছেন সর্বোচ্চ সাড়ে ১৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখতে।”
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো কত প্রস্তাব করা হবে, তা নির্ধারণে বৈঠকে বসেছেন কারখানা মালিকরা।
রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি ভবনে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন বিজিএমইএর এক পরিচালক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত কয়েক দিন ধরে কারখানা উদ্যোক্তাদের মতামত নেওয়া হয়েছে। এখন তা মালিকপক্ষের তরফে চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিজিএমইএর জ্যেষ্ঠ পরিচালক ও সাবেক নেতারা।
বিজিএমইএর এক নেতা জানান, নিম্নতম মজুরির প্রস্তাব নিয়ে ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলকে ভাগ করে কারখানা উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেছেন বিজিএমইএর পরিচালকরা। একেকজন পরিচালক ১০ থেকে ২০ জন কারখানা উদ্যোক্তার সঙ্গে কথা বলেন।
এক কারখানা মালিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূল্যস্ফীতি ও অর্ডারের (পোশাকের রপ্তানি আদেশ) বিষয়টি বিশ্লেষণ করে বেশিরভাগ মতামত দিয়েছেন সর্বোচ্চ সাড়ে ১৫ হাজার টাকা থেকে ১৬ হাজার টাকার মধ্যে রাখতে।”
বিজিএমইএর এক পরিচালক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ রাতের বৈঠকেই প্রস্তাব চূড়ান্ত করব। সবকিছুকেই বিবেচনায় নিয়ে নতুন মজুরি কত হতে পারে, তা মজুরি বোর্ডকে জানাব।”
পোশাকখাতের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে হওয়ার কথা রয়েছে। এর আগে ৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ সর্বনিম্ন ৩২ হাজার টাকার প্রস্তাব দেয়। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়। সেই অনুযায়ী সোমবারের সভায় মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে জানিয়েছেন বিজিএমইএর একাধিক নেতা।
বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাক খাতে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর ন্যূনতম মজুরি বোর্ড পুনর্গঠনের পাশাপাশি পোশাকশিল্পের জন্য বোর্ড গঠন করে সরকার। এর পরও ঢাকার মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সংঘর্ষ চলতে থাকে।
তারপর গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা কাজে ফিরতে শুরু করেন।
চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে।
তৈরি পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় পরের মাসে। সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে চলতি নভেম্বরে।
২০২৩ সালে তৈরি পোশাক খাতের ন্যূনতম মজুরি ৮ হাজার থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এক্ষেত্রে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।
নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সোমবার সকাল ১১টায় বোর্ডের বৈঠক হবে। এটার নোটিস দেওয়া হয়েছে, আমরা সেইভাবেই প্রস্তুতি নিয়েছি।”
নিম্নতম মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি সদস্য ও বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আগামীকাল মালিকপক্ষের প্রস্তাব পাব। এরপরে দেখা যাক।”
পোশাকখাতের মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি, বিজিএমইএর পরিচালক ও হান্নান ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম সামছুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকালের মধ্যে প্রস্তাব দেওয়ার শেষ সময়। আমরা আলোচনা করছি। এই সময়ের মধ্যে একটা প্রস্তাব আমরা দিতে পারব।”
