২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

রোদ কম থাকলেও শীতে যে কারণে সানগ্লাস পরা উপকারী

জেনে নিন মুখের গড়ন অনুযায়ী সানগ্লাস বেছে নেওয়ার পন্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 05:00 PM

Updated : 24 Nov 2026, 12:00 AM

পোশাক, জুতা বা ব্যাগের মতো ফ্যাশন অনুষঙ্গ হিসেবে সানগ্লাসও শীতকালে নতুন গুরুত্ব পায়।

রোদ কম থাকলেও চোখের সুরক্ষা, মুখের গড়নের সঙ্গে মানানসই ফ্রেম এবং পোশাকের ধরন বিবেচনায় রেখেই শীতের সানগ্লাস বেছে নেওয়া উচিত।

শীতের মৃদু রোদেও কেন সানগ্লাস জরুরি?

শীতের সকাল বা বিকেলে রোদের তীব্রতা গ্রীষ্মের মতো না হলেও বাতাসে ক্ষতিকর অতিবেগুনি রশ্মি থেকে যায়, যা মেঘলা আকাশেও পুরোপুরি আটকায় না।

যুক্তরাষ্ট্রের চক্ষু চিকিৎসকদের শীর্ষ সংস্থা ‘আমেরিকান অ্যাকাডেমি অব অপথালমোলজি (এএও)’-এর, চোখের সুরক্ষা নির্দেশিকা অনুযায়ী, সারা বছরই সূর্যের অতিবেগুনি রশ্মি চোখের কর্নিয়া ও রেটিনার দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে; তাই শীতকালেও বাইরে বের হলে বা গাড়ি চালানোর সময় সানগ্লাস পরা আবশ্যক।

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত চশমা বিপণি ‘ফোর সাইট ভিশন’-এর ব্যবস্থাপক সাঈদ হাসান বলেন, “কেবল নকশা নয়, সানগ্লাস কেনার সময় কাচের গুণমান দেখা জরুরি। অন্ধকার কাচ মানেই বেশি সুরক্ষা- এমন ধারণা ভুল।”

কাচের রং বা গাঢ়ত্ব না দেখে ‘ইউভি ৪০০’ অথবা শতভাগ ‘ইউভিএ’ ও ‘ইউভিবি’ সুরক্ষার উল্লেখ আছে কি-না, তা নিশ্চিত হয়ে কেনা উচিত।

মুখের গড়ন অনুযায়ী ফ্রেম নির্বাচন

আন্তর্জাতিক চশমা ও দৃষ্টিসেবা সংস্থা ‘দ্য ভিশন কাউন্সিল’-এর স্টাইল গাইড এবং সাঈদ হাসানের পরামর্শ অনুযায়ী, মুখের গড়নের বিপরীত নকশার ফ্রেম বেছে নিলে চেহারায় সুন্দর ভারসাম্য আসে।

গোল মুখ: চারকোনা, আয়তাকার বা জ্যামিতিক নকশার ফ্রেম মুখের গোলাভাব কমিয়ে চেহারায় স্পষ্টতা আনে।

চারকোনা মুখ: গোল, ডিম্বাকার বা নরম বাঁকযুক্ত ফ্রেম চোয়ালের দৃঢ় রেখার সঙ্গে চমৎকার ভারসাম্য তৈরি করে।

লম্বাটে ও ‘হার্ট’ আকারের মুখ: লম্বাটে মুখে কিছুটা চওড়া ফ্রেম এবং ‘হার্ট’ আকারের মুখে নিচের দিকে কিছুটা চওড়া বা পাতলা ফ্রেম ভালো মানায়।

ডিম্বাকার মুখ: এই গড়নের মুখে প্রায় সব ধরনের ফ্রেমই মানিয়ে যায়, তবে অতিরিক্ত বড় বা খুব ছোট ফ্রেম এড়িয়ে চলা ভালো।

পরিবেশ ও পোশাকভেদে ফ্রেমের আকার ও রং

বড় বনাম ছোট ফ্রেম: শীতের দিনের ভ্রমণ বা খোলা জায়গায় ঘোরাঘুরির সময় বড় ফ্রেমের সানগ্লাস চোখের চারপাশে বেশি সুরক্ষা দেয়।

অন্যদিকে, অফিস বা আনুষ্ঠানিক পরিবেশে শার্ট, ব্লেজার বা কোটের সঙ্গে কালো, গাঢ় বাদামি, ধূসর বা সোনালি রংয়ের পাতলা ধাতব ও মাঝারি ফ্রেম মার্জিত ভাব আনে।

ভারী নকশায় সতর্কতা: একরঙা সাদামাটা পোশাকের সঙ্গে মোটা বা রঙিন ফ্রেম বেশ মানায়। তবে প্রতিদিনের ব্যবহারে অতিরিক্ত ভারী ফ্রেম নাক ও কানের পাশে অস্বস্তি তৈরি করতে পারে।

শীতের পোশাকের একঘেয়েমি কাটাতে কালো বা বাদামির পাশাপাশি স্বচ্ছ, গাঢ় সবুজ বা মেরুন ফ্রেমও বেছে নেওয়া যায়।

কাচের রং, ধরন ও কেনার আগের সতর্কতা

ধূসর ও সবুজ কাচ উজ্জ্বল আলো কমিয়ে চারপাশের রং স্বাভাবিক রাখে এবং বাদামি বা অ্যাম্বার কাচ মেঘলা আবহে স্পষ্টতা বাড়ায়।

এছাড়া রোদ ও ছায়ার পরিবর্তনশীল পরিবেশে ‘ফটোক্রোমিক’ (আলো অনুযায়ী গাঢ়-হালকা হয় এমন) কাচ বেশ সুবিধাজনক।

তবে রাতের বেলা বা কম আলোতে গাঢ় কাচের সানগ্লাস পরে গাড়ি চালানো একদমই উচিত নয়; রাতের ফ্যাশনের জন্য স্বচ্ছ কাচের হালকা ফ্রেম বেছে নেওয়া নিরাপদ।

সানগ্লাস কেনার আগে কাচে কোনও আঁচড় আছে কি-না এবং হাঁটলে বা মাথা ঘোরালে ফ্রেমটি নাক থেকে সরে যাচ্ছে কি-না, এসব অবশ্যই পরীক্ষা করে নিতে হবে।

যাদের চোখে পাওয়ার রয়েছে, তাদের পাওয়ারযুক্ত সানগ্লাস ব্যবহার করা উচিত।

ছবির মডেল: নওশীন নাবিলা।

পুরনো খবর:

ফ্যাশনে এখন যেমন বালা
জমকালো ব্লাউজ, সাদামাটা শাড়ি
স্নিগ্ধ সাজের হালকা ফ্যাশনে বাটিকের পোশাক