১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জমকালো ব্লাউজ, সাদামাটা শাড়ি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 09:53 PM

Updated : 12 Nov 2026, 09:53 PM

শাড়ির সাজে সব সময় যে জমকালো ভাব আনতে হবে, এমন নয়। কখনও কখনও একরঙা বা হালকা নকশার শাড়ির সঙ্গে একটু কারুকাজ করা ব্লাউজই পুরো সাজ বদলে দিতে পারে।

এতে শাড়ি থাকে স্নিগ্ধ, আর ব্লাউজ হয়ে ওঠে চমকের কেন্দ্র।

আবার সাজের ভারসাম্য তৈরি হয় উল্টো পথে। শাড়ির জমকালো পাড়, ভারী নকশা বা বাহারি আঁচলের বদলে চোখ পড়ে ব্লাউজের কাটছাঁট ও কারুকাজে।

পুরানো দিনের আদলে ফুলেল কাজ, জ্যামিতিক নকশা বা আধুনিক কাটের ব্লাউজ সবই সাদামাটা শাড়ির যুগল হতে পারে।

সাজে ভারসাম্য, ব্লাউজে চমক

জমকালো ব্লাউজের সুবিধা হল, এটি সাধারণ শাড়িকেও বিশেষ করতে পারে। ভারী কাজের শাড়ির আড়ালে গয়না, সাজসজ্জা ও অন্যান্য অনুষঙ্গ আটকে যেতে পারে।

একই শাড়ি কখনও দিনের অনাড়ম্বর আয়োজনে, আবার কখনও সন্ধ্যার অনুষ্ঠানে পরা যায় শুধু ব্লাউজ বদলে।

“এ ধরনের সাজে আরেকটি সুবিধা হলো, পোশাকের প্রতিটি অংশ আলাদা করে চোখে পড়ে। শাড়ির রং ও বুননের সৌন্দর্য বরাবরই উপস্থিত থাকে, আর ব্লাউজ যোগ করে নতুন মাত্রা”, বলেন দেশীয় ফ্যাশন হাউজ বিবিয়ানার প্রধান ও ফ্যাশন বিশারদ লিপি খন্দকার।

তিনি আরও বলেন, “তবে জমকালো মানেই যে অতিরিক্ত ভারী কাজ, তা নয়। সঠিক রং, কাটছাঁট ও কারুকাজের সমন্বয়ে অল্প কাজের ব্লাউজও বেশ আলাদাধর্মী হয়ে উঠতে পারে।”

ভিন্ন আয়োজনে ভিন্নতা

“বিয়ের দাওয়াত, গায়েহলুদ বা অন্য আয়োজন অনেক অনুষ্ঠানেই এই জুটি যথাযথ। সন্ধ্যার অনুষ্ঠানে সাদামাটা কালো, মেরুন, নেভি, নীল বা গাঢ় সবুজ শাড়ির সঙ্গে সোনালি বা রুপালি কাজের ব্লাউজ বেশ মানাবে”, পরামর্শ দেন লিপি খন্দকার।

আবার দিনের অনুষ্ঠানে হালকা রংয়ের সুতি বা মসলিন শাড়ির সঙ্গে রঙিন সুতা, আয়না বা ছোট ছোট পুঁতির কাজ করা ব্লাউজ বেছে নেওয়া যায়।

উৎসবের সাজে ব্লাউজের হাতা, গলা ও পিঠের নকশা ব্যতিক্রম হলে আসে নিজস্বতা।

হালকা শীতের সন্ধ্যায় গাঢ় রংয়ের শাড়ির সঙ্গে মখমল, সিল্ক বা ভারী কাপড়ের ব্লাউজ বেশ মানানসই হবে। ব্লাউজে সুতার কাজ, জরি, পুঁতি কিংবা সূক্ষ্ম কারুকাজ থাকলে পোশাকে উৎসবের আবহ যোগ হয়।

রংয়ের বৈপরীত্যে

শাড়ি ও ব্লাউজের রং বেছে নেওয়ার ক্ষেত্রে বৈপরীত্য থাকতে হবে। তবে বিপরীত রং মানেই যে একেবারে বেমানান দুটি রং, তাও নয়। বরং এমন দুটি রং বেছে নেওয়া ভালো, যাদের পার্থক্য থাকলেও একসঙ্গে দেখতে মানানসই লাগে।

সাদা বা অফ হোয়াইট শাড়ির সঙ্গে গাঢ় লাল, পান্না সবুজ, বেগুনি বা কালো ব্লাউজ বেশ জমে। কালো শাড়ির সঙ্গে সোনালি, রুপালি, লাল বা উজ্জ্বল নীল ব্লাউজে আসে নাটকীয়তা।

আবার হালকা গোলাপি শাড়ির সঙ্গে গাঢ় বেগুনি বা সবুজ ব্লাউজ সাজে অন্য রকম মাত্রা যোগ করতে পারে।

শাড়িতে যদি হালকা রংয়ের প্রাধান্য থাকে, ব্লাউজে বেছে নেওয়া যায় গাঢ় বা উজ্জ্বল রং। অন্যদিকে গাঢ় শাড়ির সঙ্গে হালকা সোনালি, রুপালি, আইভরি বা প্যাস্টেল রংয়ের ব্লাউজও আলাদা দেখায়।

শাড়িতে সামান্য নকশা বা পাড় থাকলে সেই পাড়ের কোনও একটি রং ব্লাউজে ব্যবহার করা যেতে পারে। এতে রংয়ের পার্থক্য বজায় রেখেও সাজে যোগসূত্র তৈরি হবে।

কারুকাজে বৈচিত্র্য

জমকালো ব্লাউজের সৌন্দর্য নির্ভর করে কাজের ধরন ও নকশার ওপর। সুতার সূক্ষ্ম কাজ, জরি, পুঁতি, মুক্তা, আয়না, সিকুইন, পাথর, মেটাল কিংবা হাতের সূচিকর্ম সবই হতে পারে ব্লাউজের সাজের অংশ।

তবে শাড়ি যেহেতু সাদামাটা, তাই ব্লাউজে কাজের সুযোগ তুলনামূলক বেশি।

লিপি খন্দকার বলেন, “সামনের অংশে ফুল, লতা বা জ্যামিতিক নকশা করা যেতে পারে। আবার শুধু হাতায় কিংবা পিঠজুড়ে কারুকাজ রেখেও তৈরি করা যায় আলাদা ‘লুক’।”

ব্লাউজের গলার নকশাতেও থাকতে পারে বৈচিত্র্য। গোল গলা, নৌকা গলা, চৌকো গলা বা সামনের দিকে গভীর গলার কাট স্বাচ্ছন্দ্য অনুযায়ী বেছে নেওয়া যায়।

পিঠের দিকে ফিতা, বোতাম, ঝুল বা নকশা করা খোলা অংশও সাজে ভিন্নতা আনে।

হাতা হতে পারে ছোট, কনুই পর্যন্ত বা পূর্ণদৈর্ঘ্য। লম্বা হাতায় সূক্ষ্ম কাজ এবং ছোট হাতায় ঘন কারুকাজ- দুই ধরনের নকশাই মানানসই।

“তবে ব্লাউজের গলা, হাতা ও পিঠ- সব জায়গায় একসঙ্গে ভারী কাজ না করে একটি বা দুটি অংশকে প্রাধান্য দিলে নকশা বেশি পরিপাটি দেখায়”, পরামর্শ দেন এই ফ্যাশন ডিজাইনার।

শাড়ির ধরন বুঝে ব্লাউজ

সুতি শাড়ির সঙ্গে জমকালো ব্লাউজ পরলে সাজে তৈরি হয় বৈপরীত্য। সুতির স্বাভাবিক, অনাড়ম্বর বুননের বিপরীতে সিল্ক বা মখমলের ব্লাউজ মানায়। ব্লাউজে থাকতে পারে সুতার কাজ, ছোট আয়না, পুঁতি বা জ্যামিতিক নকশা।

সুতি শাড়ি যদি একরঙা হয়, তাহলে উজ্জ্বল রংয়ের ব্লাউজে ব্যতিক্রমী আবহ আসবে। আবার শাড়ির পাড়ে যদি রঙিন নকশা থাকে, সেই রংয়ের সঙ্গে মিল রেখে ব্লাউজ বেছে নেওয়া যায়।

মসলিন শাড়ির ক্ষেত্রে একটু সূক্ষ্মতার দিকে নজর দেওয়া যেতে পারে।

মসলিনের কোমল ও হালকা আবহের সঙ্গে অতিরিক্ত ভারী ব্লাউজ বেমানান লাগতে পারে। তাই সিল্ক বা মসৃণ কাপড়ের ব্লাউজে সূক্ষ্ম জরি, মুক্তা, পুঁতি বা হাতে করা হালকা সূচিকর্ম মানাবে।

মসলিনের রং যদি সাদা, ধবধবে বা হালকা হয়, তাহলে গাঢ় রংয়ের ব্লাউজে বৈপরীত্য তৈরি করা যায়। আবার শাড়ির রংয়ের কাছাকাছি কোনও গাঢ় বা উজ্জ্বল আভাও বেছে নেওয়া যেতে পারে।

এভাবে বর্ণনা দিয়ে লিপি খন্দকার বলেন, “সিল্ক শাড়ির সঙ্গে জমকালো ব্লাউজ বেশ স্বাভাবিকভাবেই মানিয়ে যায়। তবে শাড়ি ও ব্লাউজ দুটিই যদি খুব ভারী হয়, তাহলে সাজে অতিরিক্ত জৌলুশ ভাব চলে আসতে পারে। তাই সিল্ক শাড়ি সাদামাটা হলে ব্লাউজে জরি, পুঁতি, সিকুইন কিংবা সূক্ষ্ম সোনালি কাজ রাখা যায়। শাড়ির রং গাঢ় হলে ব্লাউজে হালকা সোনালি, রুপালি বা বিপরীত যে কোনও উজ্জ্বল রং বেশ মানাবে।”

তসর শাড়ির নিজস্ব বুনন ও রংয়ের মধ্যে থাকে মাটির কাছাকাছি সৌন্দর্য। এই শাড়ির সঙ্গে মেরুন, গাঢ় সবুজ, কালো, নীল বা লালচে রংয়ের ব্লাউজ মানানসই।

ব্লাউজে সুতার কাজ, কাঁথার নকশা, জরি বা ছোট আয়নার ব্যবহার তসরের সাজকে আরও ভিন্ন করতে পারে।

“মটকা শাড়ির সঙ্গে ব্লাউজ বাছাইয়ের সময় কাপড়ের বুনন ও গঠনকে গুরুত্ব দেওয়া যায়। মটকার স্বাভাবিক টেক্সচারের সঙ্গে সিল্ক, মখমল বা ঘন বুননের কাপড়ের ব্লাউজ মানায়”, বলেন লিপি খন্দকার।

ব্লাউজে হাতে করা সুতার কাজ, পুঁতি, জরি কিংবা সূক্ষ্ম নকশা থাকলে সাজে বৈচিত্র্য আসে। মটকা শাড়ির মাটির রংয়ের সঙ্গে গাঢ় লাল, কালো, নীল বা সবুজ ব্লাউজের বৈপরীত্যও বেশ আলাদা দেখায়।

পুরনো খবর:

জলপাই সবুজ সাজে নিসর্গের স্নিগ্ধতা
আদিবাসী তাঁতশিল্পে নিসর্গের ছোঁয়া
সাজের ভিন্নতায় কপালে বাহারি টিপ
জামদানি শাড়ির যত্নে বাড়তি মনোযোগ
শীতে শাড়ির সাথে ফ্যাশনেবল ব্লাউজ