১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামদানি শাড়ির যত্নে বাড়তি মনোযোগ

আলমারিতে বেশি দিন ভাঁজ করে রাখলে জামদানিতে পড়তে পারে দাগ, নষ্ট হতে পারে বুনন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2026, 05:37 PM

Updated : 16 Sep 2026, 12:57 PM

অন্যান্য শাড়ির মতো করে জামদানি শাড়ি আলমারিতে তুলে রাখা যায় না। এর সৌন্দর্য শুধু রংয়ে নয়, সূক্ষ্ম বুনন, নকশা আর হাতে তৈরি কারুকাজ ধরে রাখতে চাই সঠিক যত্ন।

তবে এই শাড়ির যত্নের অসাবধানতায় নকশার সুতা উঠে যাওয়া, কাপড়ের ভাঁজে দাগ পড়া বা রং মলিন হয়ে যাওয়ারও পরিচিত সমস্যা।

তাই দীর্ঘদিন শাড়ি না পরলে কীভাবে রাখতে হবে, পরার পর কী করতে হবে, কোন রংয়ের শাড়িতে কোন বিষয়ে বেশি সতর্ক থাকতে হবে, শাড়ি শক্ত হয়ে গেলে বা নরম হলে কী করতে হবে এসব বিষয় জানা থাকলে জামদানির আয়ু অনেকটাই বাড়ানো যায়।

পরার পরই যত্ন শুরু

জামদানি শাড়ি পরার পর যত্ন নেওয়ার গুরুত্বপূর্ণ সময় হল, শাড়ি খোলার পরের কয়েক ঘণ্টা।

অনুষ্ঠান থেকে ফিরে শাড়িটি সঙ্গে সঙ্গে ভাঁজ করে আলমারিতে তুলে না রেখে প্রথমে ভালো করে মেলে কিছুক্ষণ বাতাসে রাখতে হবে। এতে শরীরের ঘাম, সুগন্ধি বা পরিবেশের আর্দ্রতা কিছুটা কমে যায়।

এই বিষয়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও বয়নশিল্প বিভাগের বিভাগীয় প্রধান সোনিয়া বেগম পরামর্শ দেন, “সরাসরি রোদে দিয়ে জামদানি শুকানো ঠিক নয়। বিশেষ করে গাঢ় রংয়ের জামদানিতে দীর্ঘ সময় রোদ পড়লে রং ধীরে ধীরে মলিন হয়ে যেতে পারে। ঘরের ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন জায়গায় কিছুক্ষণ মেলে রাখাই ভালো।”

শাড়িতে খাবারের দাগ, মেইকআপ, তেল বা অন্য কোনো দাগ লাগলে নিজের মতো করে জোরে ঘষে পরিষ্কার করার চেষ্টা করা উচিত নয়। এতে কাপড়ের বুনন ও নকশা দুটোই ক্ষতিগ্রস্ত হতে পারে।

দাগটি কীভাবে পরিষ্কার করা নিরাপদ তা জামদানি তৈরি করেন বা অভিজ্ঞ পরিষ্কারকর্মীর পরামর্শ নেওয়াই ভালো।

জামদানি কি ঝুলিয়ে, ভাঁজ করে নাকি প্যাঁচিয়ে রাখতে হবে?

দীর্ঘদিনের জন্য জামদানি শাড়ি ঝুলিয়ে বা ভাঁজ করে রাখা কোনটাই তেমন নিরাপদ নয়। কারণ জামদানির কাপড় তুলনামূলক সূক্ষ্ম।

দীর্ঘদিন হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে নিজের ওজনেই শাড়ি ঝুলে যেতে পারে। বিশেষ করে ভারী নকশার শাড়িতে এই চাপ আরও বেশি হতে পারে।

সোনিয়া বেগম বলেন, “তবে খুব অল্প সময়ের জন্য ঝুলিয়ে রাখতে হলে সরু তারের হ্যাঙ্গার ব্যবহার না করাই ভালো। চওড়া, মসৃণ কাঠের হ্যাঙ্গার ব্যবহার করা যেতে পারে। হ্যাঙ্গারের গায়ে যেন কোনো ধারালো অংশ না থাকে, সেটিও দেখতে হবে।”

সরাসরি ধাতব বা স্টিলের হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখলে ঘাম বা আর্দ্রতার কারণে মরিচার দাগ পড়ার আশঙ্কা থাকে। তাই জামদানি সংরক্ষণের ক্ষেত্রে কাঠের চওড়া হ্যাঙ্গার তুলনামূলক নিরাপদ। তবে জামদানি শাড়ি ভাঁজ করে দৈর্ঘদিন রেখে দেওয়া একেবারেই ঠিক নয়। কারণ এতে ভাঁজে শাড়ি ফেটে, দাগ হয়ে যেতে পারে।

একই ভাঁজে বছরের পর বছর না রেখে কয়েক মাস পরপর ভাঁজের জায়গা পরিবর্তন করে দেওয়া যেতে পারে। এতে একটি নির্দিষ্ট জায়গায় স্থায়ী দাগ বা চাপ পড়ার আশঙ্কা কমে।

অনেকগুলো শাড়ি একসঙ্গে ঠাঁসাঠাঁসি করে রাখাও ঠিক নয়। এতে নিচের শাড়িগুলোর ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং দীর্ঘদিন পর বের করলে ভাঁজের দাগ স্পষ্ট হয়ে যেতে পারে।

“জামদানি শাড়ি সুন্দর রাখতে কাঠের লম্বা হ্যান্ডেলে প্যঁচিয়ে রাখাই সব বেশি নিরাপদ”, বলেন ফ্যাশন বিশেষজ্ঞ ও দেশি ফ্যাশন হাউজ বিবিয়ানার প্রধান লিপি খন্দকার।

কাঠের আলমারি না স্টিলের?

জামদানি সংরক্ষণের ক্ষেত্রে কাঠের নাকি স্টিলের আলমারি ভালো? এরচেয়েও গুরুত্বপূর্ণ হল আর্দ্রতা, বাতাস চলাচল এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা।

লিপি খন্দকার বলেন, “স্টিলের আলমারিতেও জামদানি রাখা যায়। তবে সেখানে আর্দ্রতা জমে কি না, সেটি খেয়াল রাখতে হবে। বর্ষাকালে বন্ধ স্টিলের আলমারিতে আর্দ্রতা আটকে গেলে কাপড়ে ছত্রাক বা স্যাঁতসেঁতে গন্ধ হতে পারে।”

আবার কাঠের আলমারি ব্যবহার করলে সেটিও সম্পূর্ণ শুকনো ও পরিষ্কার হওয়া জরুরি। শাড়ির সঙ্গে সরাসরি কাঠের গায়ে দীর্ঘদিন ঘষা লাগা উচিত নয়। তাই আলমারির তাক পরিষ্কার রেখে তার ওপর সুতির কাপড় বিছিয়ে জামদানি রাখা যেতে পারে- পরামর্শ দেন এই ডিজাইনার।

আলমারিতে শাড়ি রাখার জায়গায় মাঝে মাঝে বাতাস চলাচলের সুযোগ করে দেওয়া ভালো। তবে শাড়ির গায়ে সরাসরি সুগন্ধি, ন্যাফথালিন বা কোনো রাসায়নিক পদার্থ রাখা উচিত নয় বলেন এই অধ্যাপক।

রঙিন শাড়িতে কি আলাদা যত্ন লাগে?

জামদানির রংয়ের ওপরও কিছুটা যত্ন নির্ভর করে। গাঢ় লাল, নীল, কালো, বেগুনি বা গাঢ় সবুজের মতো রংয়ের শাড়িতে রং ছাড়ার সম্ভাবনা তুলনামূলক বেশি হতে পারে, বিশেষ করে নতুন অবস্থায়। তাই এসব শাড়ি ব্যবহারে বেশি সতর্ক থাকা প্রয়োজন।

সাদা, ক্রিম বা হালকা রংয়ের জামদানিতে আবার ময়লা বা হলদেটে ভাব দ্রুত চোখে পড়ে। তাই এগুলো সংরক্ষণের জায়গা পরিষ্কার ও শুকনো রাখাও জরুরি।

“একইভাবে রঙিন জামদানির সঙ্গে সাদা বা খুব হালকা রংয়ের শাড়ি গাদাগাদি করে না রাখাই ভালো। দীর্ঘদিন আর্দ্র পরিবেশে থাকলে রংয়ের প্রভাব অন্য কাপড়ে পড়ার আশঙ্কা থাকে”, বলেন লিপি খন্দকার।

জামদানি কি বাড়িতে ধোয়া যায়?

জামদানি শাড়ি হাতে ধোয়া একেবারেই উচিত হবে না। ড্রাইক্লিন বা কাটা করারও নির্দিষ্ট সময় আছে। তাই জামদানি খুব ঘন ঘন পরিষ্কার করা উচিত নয়।

কাপড়ের ধরন, রং ও বুনন অনুযায়ী পরিষ্কারের পদ্ধতি আলাদা হতে পারে।

এছাড়া জামদানি হাতে বোনা ও সূক্ষ্ম কাপড়ের হলে পরিষ্কারে অভিজ্ঞ পেশাদারের কাছে দেওয়া উচিত। আবার পরিষ্কার করার আগে শাড়িটি হাতে বোনা কি-না, রং ছাড়ার সম্ভাবনা আছে কি-না এবং নকশায় আলাদা ধরনের সুতা ব্যবহার হয়েছে কি-না এসবও জানিয়ে দেওয়া উচিত।

লিপি খন্দাকার বলেন, “যে কোনো ধরনের জামদানিই বাড়িতে সাবান বা ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নেওয়ার চেষ্টা করলে শাড়ি একেবারেই নষ্ট করে দিতে পারে। বিশেষ করে শাড়ি পানিতে ভিজিয়ে দীর্ঘ সময় রেখে দেওয়া, শক্ত করে চিপে পানি বের করা বা ব্রাশ দিয়ে ঘষা এসব কোনোভাবেই করা যাবে না। এতে সূক্ষ্ম নকশার সুতা আলগা হয়ে যাবে।”

শাড়ি শক্ত বা নরম হয়ে গেলে কী করবেন?

অনেকদিন ব্যবহার না করলে, বহু বছর ব্যবহারের পরে কিংবা ভুলভাবে সংরক্ষণ করলে জামদানি কিছুটা শক্ত, কড়কড়ে বা খুব নরম মনে হতে পারে। তখন নিজের মতো করে বেশি স্টার্চ বা মাড় দেওয়া ঠিক নয়।

মাড় দিলে কাপড় সাময়িকভাবে শক্ত ও গোছানো দেখাতে পারে। তবে অতিরিক্ত মাড় নিয়মিত ব্যবহার করলে কাপড়ে অতিরিক্ত শক্তভাব তৈরি হতে পারে।

পাশাপাশি মাড়ের অবশিষ্টাংশে ধুলো জমা বা পোকামাকড়ের সমস্যা হওয়ার আশঙ্কাও থাকে।

“ইস্ত্রি করার ক্ষেত্রেও খুব বেশি তাপ ব্যবহার করা উচিত নয়। পাতলা সুতির কাপড়ের ওপর দিয়ে কম তাপে ইস্ত্রি করা নিরাপদ পদ্ধতি”, পরামর্শ দেন লিপি খন্দকার।

যে কারণে পাড় বা ফলস লাগানো দরকার

জামদানির মতো সূক্ষ্ম শাড়িতে ফলস লাগানোর মূল উদ্দেশ্য হল, শাড়ির নিচের অংশকে কিছুটা শক্তি দেওয়া।

হাঁটার সময় শাড়ির নিচের অংশ বারবার মাটিতে বা জুতার সঙ্গে ঘষা খায়। ফলে সময়ের সঙ্গে কাপড়ের প্রান্ত ক্ষয়ে যেতে পারে। ফল থাকলে এই অংশে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায়।

লিপি খন্দকার বলেন, “তবে খুব ভারী বা শক্ত ফলস ব্যবহার করা উচিত নয়। জামদানি যেহেতু হালকা ও সূক্ষ্ম, তাই শাড়ির সঙ্গে মানানসই হালকা ফল ব্যবহার করাই ভালো। একইভাবে পিকোও খুব শক্ত করে করা উচিত নয়। অতিরিক্ত টান দিয়ে পিকো করলে শাড়ির প্রান্তে চাপ পড়ে কাপড় কুঁচকে যেতে পারে বা ফেঁসে যেতে পারে।”

যেভাবে পরলে শাড়ির ক্ষতি কম হবে

জামদানি পরার সময়ও কিছু বিষয়ে সতর্ক থাকা দরকার। শাড়ি পরার আগে নখ বড় বা ধারালো থাকলে সাবধান হতে হবে। আংটি, চুড়ি বা ব্যাগের ধাতব অংশেও জামদানির সুতা আটকে যেতে পারে।

শাড়ি গুঁজতে গিয়ে খুব জোরে টান দেওয়া ঠিক নয়। কোমরের কাছে বেশি শক্ত করে গুঁজে রাখলে দীর্ঘ সময় পরার পর কাপড়ে চাপ পড়ে।

আবার পিন ব্যবহার করলে এমন জায়গায় লাগানো উচিত যেখানে পিনের কারণে নকশা বা বুনন ক্ষতিগ্রস্ত হবে না।

ভারী ব্রোচ, ধারালো পিন কিংবা এমন গয়না ব্যবহার না করাই ভালো, যেগুলো শাড়ির সুতা টেনে ধরতে পারে।

পুরানো রং আবারও উজ্জ্বল করা

পুরানো হয়ে যাওয়া জামদানির রং ঘরে বসে নতুন করে উজ্জ্বল করার চেষ্টা করা উচিত নয়। বাজারে পাওয়া যেকোনো রং বা রাসায়নিক দিয়ে রং করার চেষ্টা করলে শাড়ির মূল বুনন, নকশা কিংবা অন্য রংয়ের সুতা নষ্ট হয়ে যেতে পারে।

লিপি খন্দকার বলেন, “শাড়ি যদি শুধু দীর্ঘদিনের ব্যবহারে মলিন দেখালে এর জন্য জামদানি রং করানোর আলাদা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া অনলাইনে এমন অনেক পেইজও রয়েছে যারা শাড়ি রং করান। যদিও এতে ময়লা ও ধুলা সরে গেলে কাপড়ের আসল রং আবার কিছুটা উজ্জ্বল দেখায়। তবে রং অনেক বেশি ফিকে হয়ে গেলে একেবারেই তা আগের অবস্থায় ফিরিয়ে আনা সব সময় সম্ভব নয়।”

বিশেষ করে পুরানো বা মূল্যবান জামদানি হলে রং করার চেয়ে, বর্তমান অবস্থাটিই যত্ন করে সংরক্ষণ করা ভালো।

আরও পড়ুন

প্রতিদিনের কাপড় পরিষ্কার ও যত্নের বিশেষ কৌশল

গরম ও বর্ষায় স্বস্তি: লিনেন কাপড়ের যত্নআত্তি

কাপড়ে দাগ লাগলে যা করবেন