১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গরম ও বর্ষায় স্বস্তি: লিনেন কাপড়ের যত্নআত্তি

ভ্যাপসা গরম আর বর্ষার এই সময়ে ফ্যাশন ও আরামের সমন্বয় হতে পারে লিনেন!

গরম ও বর্ষায় স্বস্তি: লিনেন কাপড়ের যত্নআত্তি
ছবি সৌজন্যে: রঙ বাংলাদেশ।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2026, 05:59 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

রোদ, ভ্যাপসা গরম, অতিরিক্ত ঘাম আর হঠাৎ বৃষ্টির লুকোচুরি— বছরের এই সময়ে পোশাক নির্বাচনের ক্ষেত্রে ‘আরাম’ শব্দটাই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ।

আর এই মৌসুমের আবহাওয়ায় স্বস্তি ও ফ্যাশনের মেলবন্ধন ঘটাতে লিনেন কাপড়ের কোনো বিকল্প নেই।

শাড়ি, পাঞ্জাবি, কুর্তা, ফতুয়া, ক্যাজুয়াল শার্ট, টপ কিংবা যেকোনো ঢিলেঢালা পোশাক হিসেবে লিনেন এখন ফ্যাশনপ্রেমীদের প্রথম পছন্দ।

দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ‘বিবিয়ানা’র প্রধান নির্বাহী ও ফ্যাশন বিশেষজ্ঞ লিপি খন্দকার বলেন, "লিনেন পোশাকের সুবিধা হল, এটি শরীরে খুব সহজে বাতাস চলাচল করতে দেয় এবং ঘাম দ্রুত শুষে নেয়। ফলে দীর্ঘ সময় ধরে পরলেও ভেতরের আরাম ও সতেজভাব বজায় থাকে।”

এ সময়ের লিনেন ফ্যাশন ও রংয়ের জাদু

লিপি খন্দকারের মতে, “বর্তমানে লিনেন ফ্যাশন মানেই স্বস্তি আর আভিজাত্যের ফিউশন। গরমের তীব্রতা থেকে বাঁচতে দিনের বেলায় সাদা, অফ-হোয়াইট, বেইজ, আকাশি, হালকা সবুজ, মাটির রং, লেবু হলুদ কিংবা প্যাস্টেল গোলাপির মতো হালকা ও স্নিগ্ধ রংয়ের লিনেন পোশাক বেছে নেওয়া যথাযথ হবে।”

আজকাল লিনেন শাড়ি এবং কুর্তায় হাতের সূচিশিল্প, ব্লক প্রিন্ট কিংবা নকশিকাঁথার কাজের ফিউশন নকশা তরুণীদের মাঝে বেশ ট্রেন্ডি। অন্যদিকে, সাদামাটা ও মার্জিত নকশার লিনেন পাঞ্জাবি এবং ফুল হাতা শার্ট অফিস, উৎসব কিংবা ভ্রমণ— সব ক্ষেত্রেই সমানভাবে মানানসই ও চমৎকার ‘ক্যাজুয়াল লুক’ এনে দেয়।

লিনেনের সৌন্দর্য নির্ভর করে সঠিক যত্নে

লিপি খন্দকার বলেন, “এই কাপড়ের একটি বৈশিষ্ট্য হল, সঠিকভাবে যত্ন নিলে প্রতিবার ধোয়ার পর লিনেন সময়ের সঙ্গে সঙ্গে আরও নরম  ও আরামদায়ক হয়ে ওঠে। বাইরে থেকে লিনেনকে শক্ত কাপড় মনে হলেও, এর ভেতরের প্রাকৃতিক তন্তু বা সুতাগুলো নরম ও সংবেদনশীল।”

ভুলভাবে ধোয়া, অতিরিক্ত গরম পানি বা শক্তিশালী ডিটারজেন্ট ব্যবহারের কারণে কাপড় সংকুচিত হতে পারে। এর তন্তু দুর্বল হয়ে যায় এবং আসল রং দ্রুত ফিকে হয়ে যেতে পারে।

গার্হস্থ্য অর্থনীতি কলেজের বস্ত্র ও পরিচ্ছদ বিভাগের প্রধান সোনিয়া বেগম, লিনেনের স্থায়িত্ব ও উজ্জ্বলতা ধরে রাখতে কয়েকটি নিয়ম পালনের পরামর্শ দেন।

পানির সঠিক তাপমাত্রা ও উল্টে ধোয়া: সোনিয়া বেগমের মতে, “লিনেন ধোয়ার সময় গুরুত্বপূর্ণ বিষয় হল, পানির তাপমাত্রা। এক্ষেত্রে ঠান্ডা অথবা হালকা কুসুম গরম পানি ব্যবহার করা নিরাপদ “

ওয়াশিং মেশিনে ধুলে ‘ডেলিকেট’ বা কোমল ধোয়ার ব্যবস্থা নির্বাচন করা উচিত। একই ধরনের রংয়ের কাপড় একসঙ্গে ধোয়া ভালো। আর অতিরিক্ত কাপড় গাদাগাদি করে দেওয়া উচিত নয় ওয়াশিং মেশিনে। এতে কাপড় সহজে নড়াচড়া করতে পারে এবং ঘর্ষণ কম হয়।

এছাড়া পোশাক উল্টে ধুলে বাইরের অংশের রং ও বুনন দীর্ঘদিন ভালো থাকে।

প্রতিবার পরলেই ধোয়ার প্রয়োজন নেই: লিনেন একবার পরলেই তা ধুয়ে ফেলতে হবে—এমন কোনো নিয়ম নেই। এই কাপড়ে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করায় হালকা ব্যবহারের পর, কোনো ছায়াযুক্ত স্থানে কিছুক্ষণ বাতাসে মেলে রাখলেই তা আবার পরার উপযোগী হয়ে যায়। অকারণে বারবার ধুলে কাপড়ের আয়ু কমে যায়।

দাগ লাগলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: কাপড়ে কোনো তেলের দাগ বা তরল খাবার পড়লে একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে আলতোভাবে চেপে মুছে ফেলতে হবে। ভুলেও দাগের ওপর জোরে ঘষা যাবে না, কারণ ঘষলে দাগ কাপড়ের সুতোর আরও গভীরে ঢুকে যায় এবং তন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়।

হালকা ভাঁজই লিনেনের স্বাভাবিক সৌন্দর্য: লিনেনে হালকা ভাঁজ বা কুঁচকানো ভাব দেখলেই কাপড় ঠিকমতো ইস্ত্রি করা হয়নি এমন নয়। কারণ এই হালকা ভাঁজই লিনেনের আসল ও স্বাভাবিক বৈশিষ্ট্য।

তবুও যদি কেউ একে একেবারে মসৃণ রাখতে চান, তবে কাপড় সামান্য ভেজা বা আর্দ্র থাকা অবস্থায় হালকা ইস্ত্রি করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। এতে কাপড়ের তন্তুও নিরাপদ থাকে।

আরও পড়ুন

বহুমাত্রিক ফ্যাশনে গারোদের দকবান্দা

কম বাজেটে যেভাবে ট্রেন্ডি থাকা যায়

কারচুপির ঝলমলে গয়না