জলপাই সবুজ সাজে নিসর্গের স্নিগ্ধতা
প্রকৃতির সঙ্গে ছন্দ মিলিয়ে বেছে নেওয়া যায় জলপাই সবুজ সাজ।
শরতের পোশাকের রং হিসেবে সাদা, বাদামি বা ধূসর রং কথাই হয়ত মাথায় আসে। আবার কখনও কালো পোশাকও নির্ভরযোগ্য রং হিসেবে ধরা হয়।
তবে এই পরিচিত ধারণাতেও পরিবর্তন আনা যায়।
এমনই একটি রং জলপাই সবুজ, যা একদিকে প্রকৃতির কথা মনে করিয়ে দেয়, অন্যদিকে পোশাকে এনে দেয় পরিণত ও পরিশীলিত ভাব।
“এই রংটি খুব উজ্জ্বল নয়, আবার একেবারে নিরসও নয়”, বলেন ফ্যাশন-বিশেষজ্ঞ লিপি খন্দকার।
ফলে পোশাকে নতুন কোনো রং যোগ করতে চাইলে আবার খুব চড়া রং পছন্দ না করলে জলপাই সবুজ হতে পারে বেশ আরামদায়ক পছন্দ।
লিপি খন্দকার আরও বলেন, “শরতের পোশাকে এই রং বাছাইয়ের কারণ, এর স্বাভাবিক সৌন্দর্য। কালোর মতো এটি সহজে অন্য রংয়ের সঙ্গে মিশে যেতে পারে। তবে কালোর তুলনায় এতে রয়েছে খানিকটা উষ্ণতা ও বৈচিত্র্য।”
একই পোশাককে কখনও কর্মক্ষেত্রের উপযোগী করে সাজানো যায়, আবার সামান্য পরিবর্তনে সেটিই হয়ে উঠতে পারে ছুটির দিনের আরামদায়ক পোশাক।
কেন জলপাই সবুজ আলাদা
কালো বা সাদা পোশাকের সুবিধা হল এর বহুমুখিতা। তবে অনেক বছর ধরে একই রংয়ের ওপর নির্ভর করতে করতে পোশাকে একঘেয়েমি চলে আসতে পারে। জলপাই সবুজ সেই একঘেয়েমি কাটানোর সহজ উপায়।
এটি এমন রং, যা চোখে খুব বেশি ধাক্কা দেয় না, অথচ কালোর তুলনায় পোশাকে আলাদা মাত্রা তৈরি করে।
এই রংয়ের মধ্যে রয়েছে মাটির কাছাকাছি একটি অনুভূতি। শরতের আবহাওয়া যখন ধীরে ধীরে শীতল হতে শুরু করে, তখন উষ্ণ রংয়ের পোশাকের সঙ্গে জলপাই সবুজ খুব স্বাভাবিকভাবেই মানিয়ে যায়।
“শাড়ি, বোনা পোশাক, একটু ভারী জামা, জ্যাকেট বা ঢিলেঢালা প্যান্টে এই রং বেশ মানায়”, মন্তব্য করেন লিপি খন্দকার।
কর্মক্ষেত্রেও মানানসই
সঠিক কাট ও কাপড় বেছে নিলে এই রং কর্মক্ষেত্রেও পরিপাটি দেখাতে পারে। ‘ওয়ান পিস’ বা ফতুয়া আরামদায়ক পোশাক হবে।
আবার কালো বা গাঢ় বাদামি পোশাকের তুলনায় জলপাই সবুজ কর্মক্ষেত্রের সাজে সামান্য ভিন্নতা আনে। তবে রংটি খুব বেশি চোখে পড়ে না বলে আনুষ্ঠানিক পরিবেশেও অস্বস্তিকর লাগে না।
ঢিলেঢালা পোশাকেও মানাবে
পোশাকে আরামের গুরুত্বও বেড়েছে। সাজে ঢিলেঢালা প্যান্ট, আরামদায়ক জামা বা একসঙ্গে পরার মতো পোশাকের ব্যবহারও বাড়ছে। জলপাই সবুজ এই ধরনের পোশাকেও বেশ মানানসই।
লিপি খন্দকার বলেন, “ঢিলেঢালা প্যান্টের সঙ্গে শরীরের গড়ন অনুসরণ করে এমন জামা পরলে পোশাকে ভারসাম্য আসে। আবার একই রংয়ের ওপর-নিচের পোশাক পরলে তৈরি হতে পারে এক ধরনের একরঙা সাজ। এতে আলাদা করে অনেক কিছু ভাবার প্রয়োজন হয় না, অথচ দেখতে বেশ পরিপাটি লাগে।”
কালোর সঙ্গে জলপাই সবুজ
জলপাই সবুজকে কালোর বিকল্প হিসেবে দেখা হলেও দুটো রংকে একসঙ্গেও পরা যায়। বরং এই সমন্বয় এই সময়ের জন্য বেশ কার্যকর।
কালোর সাথে জলপাই সবুজ জামা বা প্যান্ট ব্যবহার করলেই সাজে পরিবর্তন আসতে পারে। দেখা যায়।
সাদা ও বাদামির সঙ্গেও মানানসই
লিপি খন্দকার পরামর্শ দেন, “জলপাই সবুজের সঙ্গে সাদা বা হালকা ক্রিম রংয়ের সমন্বয় পোশাকে কোমলতা আনে। এই সাজ বেশ স্বাভাবিক ও পরিপাটিও দেখায়।”
আবার প্রকৃতির রংয়ের কাছাকাছি হওয়ায় এই দুই রংয়ের সমন্বয় চোখে আরামদায়ক লাগে। তাই খুব চড়া রংয়ের পোশাক না চাইলে জলপাই সবুজ ও বাদামি হতে পারে কার্যকর জুটি।
ছবির মডেল: নওশীন নাবিলা।
আরও পড়ুন
