Published : 07 Sep 2026, 11:40 AM
‘গোধূলিবেলায় তখনো জ্বলে নি দীপ, পরিতেছিলাম কপালে সোনার টিপ’- রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কল্পনা’ কাব্যগ্রন্থের 'ভ্ৰষ্ট লগ্ন' কবিতায় যেন প্রকাশ পায়, বাঙালি নারীর সাজের শেষ ধাপে ছোঁয়া লাগে টিপ পরাতে।
না হলে, আয়নার সামনে দাঁড়িয়ে সাজ শেষ করার পরও শূন্যতা জাগে! কাজল আছে, ঠোঁটে লিপস্টিক, চুলও গোছানো। তবুও সাজ কেমন অসম্পূর্ণ। কিন্তু কপালের মাঝখানে ছোট টিপ বসালেই বদলে যায় মুখের সাজ।
কখনও টিপ হয়ে ওঠে শান্ত, কখনও খেয়ালি, কখনও ঐতিহ্য, আবার কখনও একেবারেই আধুনিক।
ছোট এই টিপ তাই শুধু কপালের সাজ নয়, বদলে দিতে পারে পুরো সাজের ভাষা।
যদিও একসময় টিপ বলতে গোল কালো, লাল বিন্দুকেই বেশি বোঝানো হতো। এখন সেই ধারণা অনেকটাই বদলে গেছে।
কাঠ, ধাতু, মাটি, কাপড়, পুঁতি, পাথর, আলপনার নকশা, এমনকি অক্ষর ও শব্দ দিয়েও টিপ হয়। আকারেও এসেছে বৈচিত্র্য।
ছোট বিন্দু থেকে শুরু করে লম্বাটে, ত্রিভুজ, পাতার মতো, ফুল, চাঁদ বা জ্যামিতিক নকশার টিপও এখন সাজের অংশ।
মুখের গড়ন বুঝে টিপ
টিপ বেছে নেওয়ার সময়, আগে খেয়াল করতে হয় মুখের গড়নের দিকে। কারণ একই টিপ একেক মুখে একেক রকম দেখাতে পারে।
“গোল মুখে যেমন খুব বড় গোল টিপ মুখকে আরও গোল দেখাতে পারে, তেমনি লম্বা মুখে সঠিক আকারের টিপ মুখের ভারসাম্য আনতে সাহায্য করতে পারে”, বলেন দেশি ফ্যাশনের অনলাইন বিতান ‘বাঙালি’র প্রধান ও টিপশিল্পী ঊর্মি রহমান।
গোল মুখের ক্ষেত্রে মাঝারি আকারের লম্বাটে, সরু রেখা বা দাগের মতো নকশার টিপ বেশ মানানসই। এতে মুখকে কিছুটা লম্বা ও সরু দেখানোর সহজ হয়।
ছোট কালো বা মেরুন লম্বাটে টিপ হতে পারে সাজের জন্য সহজ পছন্দ। একটু জমকালো সাজে নিচের দিকে ছোট নকশা থাকা টিপও পরা যেতে পারে।
“খুব বড় ও একেবারে গোল টিপ এড়িয়ে চললে মুখের গোলাভাব বেশি চোখে পড়ে না”, বলেন এই টিপ-শিল্পী।
অন্যদিকে লম্বা মুখে অনুভূমিক বা তুলনামূলক চওড়া নকশার টিপ ভালো লাগতে পারে। গোল, চন্দ্রাকৃতি বা সামান্য চওড়া আলপনার নকশার টিপও মুখে ভারসাম্য আনে।
“বিশেষ করে কপাল থেকে চিবুক পর্যন্ত মুখ কিছুটা লম্বাটে হলে, খুব সরু ও লম্বা টিপের বদলে একটু প্রশস্ত নকশা বেছে নেওয়া যায়”, পরামর্শ দেন ঊর্মি।
ছোট কপালে ছোট নকশাই সুন্দর
কপাল ছোট হলে টিপের আকার ও অবস্থান দুটোই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত বড় টিপ কপালের বেশির ভাগ জায়গা দখল করে নেয়। ফলে মুখের অন্যান্য অংশের দিকে নজরও কম যায়।
ছোট বা মাঝারি আকারের টিপ, এক্ষেত্রে বেশি স্বাভাবিক দেখায়।
ছোট কপালের জন্য ছোট গোল টিপ, সরু লম্বাটে টিপ বা ছোট ফুল ও পাতার নকশা বেছে নেওয়া যায়।
ঊর্মি বলেন, “টিপ খুব নিচে না বসিয়ে ভ্রুর মাঝামাঝি থেকে সামান্য ওপরে রাখলে, কপাল কিছুটা খোলা দেখাতে পারে।”
বড় কপালে নকশায় ভারসাম্য
বড় কপাল হলে একটু বড় টিপ বা নকশাদার টিপ নিয়ে পরীক্ষা করা যায়। বিশেষ করে টিপের সঙ্গে ছোট আলপনার নকশা থাকলে কপালের খালি অংশে ভারসাম্য আসে।
মাঝারি আকারের গোল টিপের চারপাশে বিন্দু, পাতা বা ফুলের নকশা থাকলেও দেখার বৈচিত্র্য আনে।
তবে বড় কপাল মানেই বড় টিপ পরতেই হবে এমন না। বরং মুখের গঠন ও সাজের ধরন অনুযায়ী টিপের আকার ঠিক করাই ভালো।
কালো আর লালেই থেমে নেই টিপ
টিপের রংয়ের ক্ষেত্রেও এসেছে বড় পরিবর্তন। কালো ও লাল এখনও জনপ্রিয়। তবে সঙ্গে যোগ হয়েছে সাদা, মেরুন, বেগুনি, বাদামি, হলুদ, কমলা, নীল, সবুজ, গোলাপি ও ধাতব আভাযুক্ত নানান রং।
সাদা টিপ সাদামাটা শাড়ির সঙ্গে যেমন শান্ত ও পরিশীলিত লাগে, তেমনি কালো পোশাকের সঙ্গে সাদা টিপ তৈরি করতে পারে বৈপরীত্য।
লাল টিপ শাড়িতে বিশেষ করে লাল, সাদা, হলুদ বা মাটি রঙা পোশাকের সঙ্গে সহজেই মানিয়ে যায়। কালো টিপ প্রায় সব ধরনের পোশাকের সঙ্গে পরা যায়। তাই প্রতিদিনের সাজেও এটি সহজ পছন্দ।
তবে শুধু পোশাকের রংয়ের সঙ্গে মিলিয়ে টিপ বেছে না নিয়ে লিপস্টিকের রং, কানের দুল, চুড়ি কিংবা শাড়ির পাড়ের রংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখেও টিপ বেছে নেওয়া যেতে পারে।
কাঠের টিপে মাটির কাছাকাছি সাজ
প্রচলিত টিপের বাইরে, কাঠের তৈরি টিপ এখন সাজে আলাদা রূপ দিতে পারে। কাঠের স্বাভাবিক বাদামি রং ও হাতে আঁকা নকশা সাজে এনে দেয় দেশীয় আবহ।
সুতির শাড়ি, তাঁতের শাড়ি কিংবা মাটির রংয়ের পোশাকের সঙ্গে কাঠের টিপ বেশ মানিয়ে যায়।
কাঠের টিপের সুন্দর দিক হল, এর স্বাভাবিকতা। খুব বেশি সাজসজ্জা ছাড়াই এমন টিপ মুখে আলাদা উপস্থিতি তৈরি করতে পারে।
বিশেষ করে ভারী গয়নার বদলে স্বাভাবিক ও সহজ সাজ চাইলে এটি ভালো পছন্দ।
মাটির টিপে লোকজ ছোঁয়া
মাটি দিয়েও তৈরি হচ্ছে নানান ধরনের টিপ। কখনও মাটির স্বাভাবিক রং রাখা হচ্ছে, কখনও এর ওপর করা হচ্ছে রংয়ের কাজ। আছে ছোট ফুল, পাতা, আবার কোথাও লোকজ নকশা।
মাটির টিপের সঙ্গে হাতে বোনা শাড়ি, খাদি বা তাঁতের পোশাকের সমন্বয় মানায়। বৈশাখ, বসন্ত বা লোকজ সংস্কৃতির কোনো আয়োজনেও এমন টিপ সাজে আলাদা মাত্রা যোগ করে।
ধাতব টিপে আধুনিকতা
ধাতুর টিপে পাওয়া যায় একেবারে ভিন্ন ধরনের সৌন্দর্য। সোনালি, রুপালি কিংবা তামাটে আভাযুক্ত ধাতব টিপ বেশ আলাদা।
এর সঙ্গে জ্যামিতিক নকশা, ফুল, পাতা বা সূক্ষ্ম কারুকাজ যোগ হলে, আধুনিক সাজে ভিন্নতা আসে।
ঊর্মি বলেন, “কালো, সাদা বা একরঙা পোশাকের সঙ্গে ধাতব টিপ বিশেষভাবে ভালো মানাতে পারে। তবে টিপ যদি বেশ নকশাদার হয়, সেক্ষেত্রে গয়না খুব ভারী না রাখাই ভালো। এতে সাজে ভারসাম্য থাকে।”
কপালে ফুটে ওঠে আলপনা
আলপনার নকশা থেকে অনুপ্রাণিত টিপ বেশ বৈচিত্র্যময়। মাঝখানে একটি বিন্দু, চারপাশে ছোট বিন্দু, পাতা, ফুল বা বাঁকানো রেখা, সব মিলিয়ে তৈরি হচ্ছে ছোট আলপনা।
এ ধরনের টিপের সৌন্দর্য হল, একসঙ্গে ঐতিহ্যময় আবার আধুনিক। সাদা-লাল, গাঢ় রংয়ের শাড়ি বা উৎসবের পোশাকের সঙ্গে আলপনার টিপ পরা যায়।
এছাড়া শার্ট, টপস, স্কার্টের সঙ্গেও মানানসই
টিপে লেখা থাকুক অক্ষর
আরও ভিন্নধর্মী হতে চাইলে বেছে নেওয়া যায় অক্ষর লেখা টিপ। বাংলা বর্ণ, নিজের নামের আদ্যক্ষর, ছোট কোনো শব্দ কিংবা প্রতীক— এসব দিয়েও তৈরি হতে পারে ব্যক্তিগত টিপ।
নিজের নামের প্রথম অক্ষর বা পছন্দের কোনো বর্ণের টিপ খুব সাধারণ সাজও আলাদা করে।
চোখ ও ভ্রুর সাজের সঙ্গেও মিল
টিপের সঙ্গে চোখের সাজের সম্পর্কও বেশ গুরুত্বপূর্ণ।
জারা'স বিউটি লাউঞ্জ অ্যান্ড ফিটনেস সেন্টারের রূপ-পরামর্শক ফারহানা রুমি বলেন, “চোখে যদি গাঢ় কাজল ও মোটা করে আঁকা আইলাইনার থাকে, তাহলে খুব জটিল নকশার টিপ না পরাই ভালো।”
আবার চোখের সাজ যদি একেবারে হালকা হয়, তখন একটু নকশাদার বা উজ্জ্বল টিপ মুখের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। অর্থাৎ টিপকে আলাদা কোনো বস্তু না ভেবে পুরো মুখের সাজের একটি অংশ হিসেবে ভাবলেই সৌন্দর্য বাড়ে।
আরও পড়ুন