সাজেক যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৬ পর্যটক
আটকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। তবে আটকরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন।
শুক্রবার দুপুর ১টার দিকে সাজেক যাওয়ার পথে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জেলার মো. ফারদিন এহমান হৃদয় (২৪) ও মোহাম্মদ ইয়াসিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন (২৩), এবং পটুয়াখালী জেলার সাইফুল ইসলাম (২৭)।
ওসি তোফাজ্জল হোসেন বলেন, সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার অতিক্রম করার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ বলে স্লোগান দেন।
পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে দুপুর ১টার দিকে তাদের পথরোধ করে আটক করা হয়। পরবর্তীতে তারা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেননি।
বিষয়টি খতিয়ে দেখে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ওসি তোফাজ্জল হোসেন।
